স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের চৌগাছা উপজেলায় অভিযান চালিয়ে ১ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ মো. নাজির উদ্দিন (৬৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
গত শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) রাত ৮টা ৪০ মিনিটের দিকে গোপন খবরের ভিত্তিতে চৌগাছা থানাধীন ১১ নম্বর সুখপুকুরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণপুর গ্রামস্থ মো. মান্নানের বাড়ির সামনের ইট বিছানো (ইট সলিং) রাস্তার ওপর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ডিবি সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা শাখার একটি দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় ডিবি দলের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মো. নাজির উদ্দিনকে আটক করা হয়। পরে তাঁর হেফাজত থেকে ১ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
গ্রেপ্তারকৃত আসামি মো. নাজির উদ্দিন চৌগাছা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মৃত ইয়াসিন মন্ডল ও মৃত বারিছন নেছার ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখা জানায়, উদ্ধারকৃত আলামতসহ আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু পূর্বক আজ রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) তাঁকে বিজ্ঞ বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে। ছবি সংগৃহীত।

