জাকির হোসাইন তুষার,মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি:
মাগুরার মহম্মদপুর উপজেলায় গভীর রাতে সেচ পাম্পের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শাহিন মিয়া (২৫) নামে এক যুবকের করুণ মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
আজ শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) সকালে উপজেলার বোরিয়া গ্রামের কানাবিল মাঠের একটি ধানক্ষেত থেকে ওই যুবকের অচৈতন্য মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
বিজ্ঞাপন
নিহত শাহিন মিয়া উপজেলার পলাশবাড়ীয়া গ্রামের নিজাম মোল্যার ছেলে। তিনি স্থানীয়ভাবে ফরিদ মাস্টারের ভাতিজা এবং বড়রিয়া গ্রামের ইকরামুলের ভাগ্নে হিসেবে পরিচিত।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বোরিয়া গ্রামের কানাবিল মাঠে স্থাপিত একটি গভীর সেচ পাম্পের থ্রি-ফেজ বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যে শুক্রবার রাতে কোনো এক সময় শাহিন মিয়া বৈদ্যুতিক খুঁটিতে ওঠেন। ট্রান্সফরমারটি খোলার সময় অসাবধানতাবশত তিনি নিয়ন্ত্রণ হারিয়ে তাজা বিদ্যুতের তারে স্পর্শ লেগে ছিটকে নিচে পড়ে যান। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় এবং মরদেহটি পাশের ধানক্ষেতে পড়ে থাকে।
আজ শনিবার সকালে স্থানীয় কৃষকেরা মাঠে কাজ করতে গিয়ে বিজলি খুঁটির নিচে ধানক্ষেতে এক যুবকের নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। সংবাদ পেয়ে মহম্মদপুর থানা পুলিশের একটি আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ সময় মরদেহের পাশ থেকে ট্রান্সফরমার কাটার ও খোলার কাজে ব্যবহৃত কয়েকটি রেঞ্চসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
ঘটনাস্থল পরিদর্শনকারী মহম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, আলামত ও পরিস্থিতির ভিত্তিতে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে, ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যেই নিহত ব্যক্তি খুঁটিতে উঠেছিলেন এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শামীম আহমেদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল (মাগুরা মেডিকেল কলেজ হাসপাতাল) মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনার সাথে সঙ্ঘবদ্ধ চোরাচালান বা চোর চক্রের অন্য কোনো সদস্য জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখতে জোর তদন্ত চালানো হচ্ছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ছবি সংগৃহীত।
