স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর সীমান্তে পৃথক চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ১৫ লাখ ২২ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)।
বিজ্ঞাপন
আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর বিশেষ টহলদল এবং বেনাপোল আইসিপি (ইনল্যান্ড কাস্টমস পোস্ট)-এর পৃথক টহলদল সীমান্ত সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে।
বিজ্ঞাপন
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে বড় ধরনের একটি চোরাচালানী চালান বাংলাদেশে প্রবেশ করছে—এমন গোপন খবরের ভিত্তিতে বিজিবি’র আভিযানিক দল কৌশলগত অবস্থান গ্রহণ করে। পরবর্তীতে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা মালামাল ফেলে চম্পট দিলে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ১৩৮টি আকর্ষণীয় শাড়ি, ৮২ গজ জিন্সের থান কাপড়, ৬৯ প্যাকেট ফুসকা, ৪.৫ কেজি কিসমিস, ১৬৫টি উন্নতমানের চকলেট এবং ৪২৭টি বিভিন্ন প্রকারের কসমেটিক্স সামগ্রী উদ্ধার ও জব্দ করা হয়।
আটককৃত চোরাচালানী মালামালের আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ২২ হাজার ৫ ৯০ (পনেরো লক্ষ বাইশ হাজার পাঁচশত নব্বই) টাকা বলে নিশ্চিত করেছে বিজিবি।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার ও যেকোনো অনাকাঙ্ক্ষিত অনাচার রোধে বিজিবি’র টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। জব্দকৃত মালামালসমূহ পরবর্তী আইনি কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট কাস্টমস হাউসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। ছবি সংগৃহীত।

