স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের চৌগাছা উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে ২৭১ বস্তা বিভিন্ন জাতের সার বাজেয়াপ্ত করেছে স্থানীয় উপজেলা প্রশাসন। একই সঙ্গে নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে চড়া দামে সার বিক্রির দায়ে খাইরুল ইসলাম নামের এক অসাধু ব্যবসায়ীকে ২০ হাজার টাকা আর্থিক জরিমানা প্রদান করা হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার সকাল সোয়া ১১টার দিকে চৌগাছা পৌরসভার চৌগাছা-মহেশপুর মহাসড়ক সংলগ্ন মৃধাপাড়া মহিলা কলেজের সম্মুখভাগ পারবাজার এলাকায় এই ঝটিকা অভিযানটি চালানো হয়। সেখানে অভিযুক্ত খাইরুল ইসলামের সার বিপণন কেন্দ্র ও সংলগ্ন বিশাল গুদামে তল্লাশি চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন চৌগাছা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) জিএমএ মুনীব হাসান।
বিজ্ঞাপন
অভিযান পরিচালনাকালে গোডাউন ও দোকান থেকে যথাক্রমে ২৮ বস্তা এমওপি, ১৪৭ বস্তা টিএসপি, ৯ বস্তা ডিএপি এবং ৮৭ বস্তা ইউরিয়াসহ মোট ২৭১ বস্তা রাসায়নিক সার সরাসরি হস্তগত ও জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন, সহকারী উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম হোসেন এবং স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
প্রশাসন সূত্রের তথ্যানুযায়ী, অসাধু ব্যবসায়ী খাইরুল ইসলাম একটি স্থানীয় সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছ থেকে বিভিন্ন প্রকারের সার পাইকারি সংগ্রহ করে তা সরকারের তোয়াক্কা না করে নিজস্ব চড়া দামে বিভিন্ন খুচরা বাজারে বাজারজাত করে আসছিলেন। এই গুরুতর অপরাধের সত্যতা নিশ্চিত হয়ে সার ব্যবস্থাপনা আইন-২০০৬ এর ১২ ও ১৮ ধারায় আইনানুগ প্রক্রিয়ায় তাকে ২০ হাজার টাকা জরিমানার দণ্ড দেওয়া হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজেয়াপ্ত হওয়া সমুদয় সার সাধারণ কৃষকদের মাঝে নির্ধারিত সরকারি মূল্যে উন্মুক্তভাবে বিক্রি করা হবে এবং বিক্রীত অর্থ সরাসরি রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে। ছবি সংগৃহীত।

