স্ফুলিঙ্গ রিপোর্ট :
হারানো ও ছিনতাই হওয়া শখের মোবাইল ফোন ফিরে পেয়ে আনন্দ ও আবেগে আপ্লুত হয়ে পড়েছেন সাধারণ গ্রাহকরা। মাগুরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের ধারাবাহিক ও নিরলস তৎপরতায় উদ্ধার হওয়া ৩৭টি মূল্যবান মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকদের হাতে সোপর্দ করা হয়েছে।
বিজ্ঞাপন
গত ২৪ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দে মাগুরা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত একটি অনাড়ম্বর আনুষ্ঠানিকতার মাধ্যমে উদ্ধার করা এসব মোবাইল হস্তান্তর করা হয়। মাগুরা জেলার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন (পিপিএম-সেবা) নিজে উপস্থিত থেকে ভুক্তভোগীদের হাতে তাদের প্রিয় মুঠোফোনগুলো তুলে দেন। উদ্ধার হওয়া এসব হ্যান্ডসেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ ৩০ হাজার টাকা।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে পুলিশ সুপার জানান, তথ্যপ্রযুক্তির সর্বোত্তম প্রয়োগ ঘটিয়ে নাগরিকদের খোয়া যাওয়া ও চুরি হওয়া মালামাল উদ্ধারে জেলা পুলিশ বদ্ধপরিকর। জনগণকে সেবামূলক ও জনবান্ধব পুলিশিং উপহার দিতে এই ধরনের অভিযান সামনে আরও জোরদার করা হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, জুলাই মাসের বিভিন্ন সময় হারানো ও ছিনতাই হওয়া অভিযোগের ভিত্তিতে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল আধুনিক ট্র্যাকিং ও প্রযুক্তিগত অনুসন্ধানের মাধ্যমে এই ফোনগুলো সফলভাবে উদ্ধার করে। একই সাথে অপরাধ প্রতিরোধ ও ক্লুলেস মামলার রহস্য উন্মোচনে এই ইউনিট নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।
মোবাইল ফোন হস্তান্তরের উক্ত অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শাহ্ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) থান্দার খায়রুল হাসান (পিপিএম), সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ানসহ জেলা পুলিশের বিভিন্ন থানার কর্মকর্তা ও দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। ছবি সংগৃহীত।

