স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরে ইজিবাইক চালককে চেতনানাশক ওষুধ মেশানো খাবার খাইয়ে অচেতন করে তাঁর উপার্জনের একমাত্র সম্বল ইজিবাইকটি ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বিকেলে যশোর ক্যান্টনমেন্ট ইংলিশ মিডিয়া কলেজের সামনের প্রধান সড়কে এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।
বিজ্ঞাপন
অজ্ঞান পার্টির খপ্পরে পড়া ভুক্তভোগী ইজিবাইক চালকের নাম মোশারফ হোসেন (৩৫)। তিনি যশোর সদর উপজেলার রূপদিয়া এলাকার রজব আলীর ছেলে।
বিজ্ঞাপন
পুলিশ ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা যায়, বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে যশোর কোতোয়ালি থানাধীন ধর্মতলা মোড় এলাকা থেকে চারজন যাত্রী তুলে বাইপাস সড়ক হয়ে বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন মোশারফ। পথিমধ্যে ইজিবাইকটি যশোর ক্যান্টনমেন্ট ইংলিশ মিডিয়া কলেজের সামনে পৌঁছালে যাত্রীবেশী ওই দুর্বৃত্তরা মোশারফকে কৌশলে বিষাক্ত ও চেতনানাশক ওষুধ মেশানো রুটি খেতে দেয়।
ক্ষুধার্ত মোশারফ ওই রুটি খাওয়ার কিছুক্ষণের মধ্যেই মাথা ঘুরে জ্ঞান হারিয়ে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং অচেতন হয়ে পড়েন। এই সুযোগে তাকে রাস্তার পাশে ফেলে রেখে সুচতুর দুর্বৃত্তরা ইজিবাইকটি নিয়ে দ্রুত চম্পট দেয়। পরবর্তীতে স্থানীয় পথচারীরা তাঁকে নিথর ও অচেতন অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে দ্রুত শনাক্ত করে তাঁর স্বজনদের খবর পাঠান। পরে স্বজনেরা এসে তাকে উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।
এ বিষয়ে স্থানীয় থানা পুলিশ জানায়, হাসপাতাল থেকে তথ্য নিয়ে ঘটনাটি পর্যবেক্ষণ করা হচ্ছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে। ছবি সংগৃহীত।

