বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া :
পটুয়াখালীর কলাপাড়ায় এক মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে গভীর রাতে প্রবেশ করে দুর্ধর্ষ ও সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের বাধা দিলে প্রবাসীর তরুণ ছেলেকে লক্ষ্য করে গুলি চালায় ডাকাতরা। এছাড়া গৃহবধূ ও দুই বছরের শিশুসন্তানকে জিম্মি করে অমানুষিক মারধর করা হয় এবং নিষ্পাপ শিশুটির মাথায় পিস্তল ঠেকিয়ে আনুমানিক ২৪ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ২ লাখ টাকা ও একটি আইফোন হ্যান্ডসেট লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা।
আজ শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) ভোররাত আনুমানিক ৩টার দিকে কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামের মালয়েশিয়া প্রবাসী মাহিন হাওলাদারের বাড়িতে এই ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে।
ঘটনায় গুরুতর আহতরা হলেন— প্রবাসীর গুলিবিদ্ধ ছেলে নাইম (২২), স্ত্রী রুমা বেগম (৪০), পুত্রবধূ রেজবি বেগম (১৮) এবং প্রবাসীর দুই বছরের নাতি শিশু তাসরিফ। আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বিজ্ঞাপন
আহত গৃহবধূ রুমা বেগম জানান, রাতের খাবার খেয়ে পরিবারের সকলে ঘুমে ছিলেন। রাত আড়াইটা থেকে ৩টার দিকে ৫-৬ জনের একটি মুখোশধারী সশস্ত্র ডাকাত দল বাড়ির দক্ষিণ পাশের জানালার লোহার গ্রিল কেটে ঘরের ভেতরে প্রবেশ করে। ডাকাত দলের অন্য সদস্যরা বাহিরে পাহারায় অবস্থান নেয়। ঘরের ভেতরে ঢুকেই অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে হাত-পা বেঁধে বেধড়ক মারধর শুরু করে।
এ সময় তাঁর ছেলে নাইম সাহসিকতার সাথে ডাকাতদের বাধা দেওয়ার চেষ্টা করলে ক্ষিপ্ত হয়ে ডাকাতেরা কাছ থেকে তাঁর হাঁটুতে গুলি চালিয়ে দেয়। একপর্যায়ে দুই বছরের নিষ্পাপ শিশু তাসরিফের মাথায় পিস্তল ঠেকিয়ে তারা হত্যার হুমকি দেয় এবং আলমারির তালা ভেঙে নগদ ২ লাখ টাকা, স্বর্ণালঙ্কার ও দামী আইফোন নিয়ে সটকে পড়ে। স্বর্ণালঙ্কারের পরিমাণের বিষয়ে স্বজনরা প্রাথমিকভাবে ১৪ ভরি বললেও পরবর্তীতে ২৪ ভরি খোয়া গেছে বলে পরিবার সূত্রে দাবি করা হয়।
ঘটনার নিশ্চিত করে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি চটপটে আভিযানিক দল ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার ও চিকিৎসার ব্যবস্থা করে। দুর্ধর্ষ এই ডাকাতির সাথে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং লুন্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করছে। ছবি সংগৃহীত।

