শহিদ জয় :
যশোরে গত ২৪ ঘণ্টার ব্যবধানে পৃথক তিনটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক নারী, এক মাদ্রাসা শিক্ষক ও এক এইচএসসি পরীক্ষার্থীসহ মোট তিনজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন, যার মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
বসুন্দিয়ায় আইসক্রিম কিনে ফেরার পথে নারীর মৃত্যু:
বুধবার (১২ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে যশোর-খুলনা মহাসড়কের বসুন্দিয়া ঘুনি এলাকায় ট্রাকের ধাক্কায় নুরজাহান বেগম (৫০) নামের এক নারী নিহত হন। তিনি ঘুনি এলাকার মৃত সুমাইল মোল্লার স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, নাতির জন্য দোকান থেকে আইসক্রিম কিনে বাড়ি ফেরার পথে একটি অজ্ঞাতনামা ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
কেশবপুরে এইচএসসি পরীক্ষার্থীর প্রাণহানি:
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে কেশবপুর সরকারি খাদ্য গুদামের সামনে মোটরসাইকেল ও করিমন গাড়ির মুখোমুখি সংঘর্ষে ইয়াসিন আরাফাত (১৭) নামের এক কলেজছাত্র নিহত হন। তিনি এইচএসসি ব্যবহারিক পরীক্ষা দিতে মোটরসাইকেলযোগে কলেজে যাচ্ছিলেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ডুমুরিয়ার গুটুদিয়া এলাকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বেনাপোলে লোহাবোঝাই ভ্যান ও বাইক সংঘর্ষে শিক্ষকের মৃত্যু:
একই দিন দুপুর পৌনে ২টার দিকে বেনাপোল পোর্ট থানাধীন ভবেরবেড় এলাকায় মোটরসাইকেল ও লোহার গ্রিলবোঝাই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ইব্রাহিম হোসেন (৫০) নামের এক শিক্ষক নিহত হন। তিনি শার্শার গোপালপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী শিক্ষক মো. ফজলু (৪৫) ও ভ্যানচালক আলী কদর (৩৫) গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথেই শিক্ষক ইব্রাহিমের মৃত্যু হয়।
চৌগাছায় বাইক দুর্ঘটনায় আশঙ্কাজনক ১:
এছাড়া বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চৌগাছার পুড়াপাড়া এলাকায় হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে মাহাবুর রহমান (৪৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
পৃথক এসব মর্মান্তিক সড়ক দুর্ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানাসমূহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করছে বলে পুলিশ সূত্রে নিশ্চিত করা হয়েছে।

