স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর শহরের প্রাণকেন্দ্র বড়বাজার এলাকায় দুটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ ও মাদক বিক্রির অভিযোগে এক বিশেষ পুলিশি অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ‘হোটেল স্বপ্নপুরী’ ও ‘হোটেল পলাশ’সহ সংলগ্ন এলাকা থেকে দুই নারীসহ মোট ১০ জনকে আটক করেছে যশোর কোতোয়ালি থানা পুলিশ। একই সাথে ঘটনাস্থল থেকে ৩০ বোতল দেশীয় মদ উদ্ধার করা হয়েছে।
বিজ্ঞাপন
গতকাল মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) রাতে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর (অপারেশন) মমিনুল হকসহ থানার আভিযানিক দলের সদস্যরা।
বিজ্ঞাপন
আটককৃতরা হলেন— শেখহাটি এলাকার বিথি, রূপদিয়ার শাহিলা আক্তার, চৌগাছার মনিরুজ্জামান, বিরামপুর কালীতলার রাসেল, আমদাবাদ গ্রামের ইকবাল হোসেন, ঘুরুলিয়ার সাইদ হোসেন, রেলগেট পশ্চিমপাড়ার আব্দুস সাত্তার, মণিরামপুরের বিজয়রামপুর এলাকার জাকির হোসেন, শহরের ঘোপ জেলরোডের আবু তাহের এবং ছোট বালিয়াডাঙার শরিফুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই দুই আবাসিক হোটেলে অসামাজিক কর্মকাণ্ড চালানো এবং পার্শ্ববর্তী বাবুবাজার গলিতে অবৈধভাবে দেশীয় মদ বিক্রি হচ্ছিল—এমন গোপন তথ্যের ভিত্তিতে সেখানে ঝটিকা অভিযান চালানো হয়। তল্লাশিকালে হোটেল দুটি থেকে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে দুই নারীকে আটক করা হয়। পাশাপাশি বাবুবাজার গলি থেকে মদ বিক্রির অভিযোগ ও সন্দেহজনক ঘোরাঘুরির দায়ে আরও ৮ জনকে আটক করে পুলিশ।
এ বিষয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল জানান, অনৈতিক কর্মকাণ্ড ও অবৈধ মদ বিক্রির বিরুদ্ধে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। নারীসহ মোট ১০ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের নিবিড় জিজ্ঞাসাবাদ চলছে এবং আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। ছবি সংগৃহীত।

