রফিক মন্ডল, কোটচাঁদপুর (ঝিনাইদহ) :
গণমাধ্যম ও পুলিশের পারস্পরিক আস্থা বৃদ্ধি, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্য নিয়ে ঝিনাইদহে কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন খুলনা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমান।
বিজ্ঞাপন
আজ সোমবার (৩ আগস্ট ২০২৬) দুপুরে ঝিনাইদহ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের বিশেষ ব্যবস্থাপনায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন্ হাছানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান।
বিজ্ঞাপন
প্রধান অতিথির বক্তব্যে রেঞ্জ ডিআইজি বলেন, “একটি নিরাপদ, ভয়হীন ও অপরাধমুক্ত সমাজ বিনির্মাণে পুলিশ এবং সাংবাদিকদের ভূমিকা একে অপরের পরিপূরক।” তিনি আরও বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যম একদিকে যেমন সমাজের চোখ হিসেবে কাজ করে, অন্যদিকে অপরাধ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়ন এবং পুলিশের ওপর জন আস্থা বাড়াতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। জনস্বার্থে পুলিশের সঙ্গে পেশাগত সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা বজায় রেখে কাজ করার জন্য উপস্থিত সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় মুক্ত আলোচনায় অংশ নেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, সাবেক সভাপতি আসিফ ইকবাল কাজল ও এম. রায়হানসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের প্রতিনিধিরা।
সাংবাদিকরা জেলার সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদকের বিস্তার রোধ, সাইবার অপরাধ দমন, সড়ক নিরাপত্তা জোরদার করা, সাংবাদিকদের পেশাগত সুরক্ষা এবং জনসেবামূলক পুলিশি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বিষয়ে সুনির্দিষ্ট বিভিন্ন মতামত ও সুপারিশ তুলে ধরেন।
ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান এবং জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তারা সাংবাদিকদের প্রতিটি বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং উত্থাপিত সমস্যাগুলোর আশু সমাধানের আশ্বাস দেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারগণসহ বিভিন্ন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই সভা পুলিশ ও সাংবাদিকদের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। ছবি সংগৃহীত।


