স্ফুলিঙ্গ ডেক্স :
ঢাকা জেলার সাভার মডেল থানা এলাকায় একটি শিল্প প্রতিষ্ঠানের গোডাউনে চুরির ঘটনায় জড়িত চারজন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি উত্তর)। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি উত্তরের কর্মকর্তা ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে ২৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে সাভার মডেল থানা এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। সাভারের রেডিয়াস ইঞ্জিনিয়ারিং লিমিটেড নামের প্রতিষ্ঠানের ফায়ার অ্যালার্ম ও ফায়ার ফাইটিং ইকুইপমেন্টের গোডাউনে সংঘটিত চুরির ঘটনায় এই অভিযান চালানো হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. সোহেল ওরফে বুস সোহেল (৪০), মো. শাহিন গাজী (৩০), মো. সুমন মিয়া (৩৩) ও সিদ্দিক (৩৬)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা উল্লিখিত চুরির ঘটনার সঙ্গে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেছে।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানানো হয়েছে, ২৩ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে দণ্ডবিধির ৪৫৭ ও ৩৮০ ধারায় সাভার মডেল থানায় দায়ের করা ৮১ নম্বর মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। চুরির ঘটনার বিস্তারিত তদন্ত ও মালামাল উদ্ধারের উদ্দেশ্যে গ্রেপ্তারকৃতদের সাত দিনের রিমান্ড আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ছবি সংগৃহীত।
