স্ফুলিঙ্গ রিপোর্ট :
আবহমান বাংলার শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন আরও সুদৃঢ় করা, যেকোনো উসকানি প্রতিরোধ এবং সব নাগরিকের সম-মানবাধিকার নিশ্চিত করার জোরালো দাবিতে যশোরে এক বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৭ অক্টোবর ২০২৬) বিকেল সাড়ে ৪টায় যশোর শহরের প্রাণকেন্দ্র দড়াটানা ভৈরব চত্বরে বাংলাদেশ মহিলা পরিষদ, যশোর জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
‘সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ করি, সকল নাগরিকের মানবাধিকার নিশ্চিত কর’—এই সময়োপযোগী সামাজিক স্লোগানকে সামনে রেখে মানববন্ধনে অংশ নেন সর্বস্তরের মানুষ।
বিজ্ঞাপন
বাংলাদেশ মহিলা পরিষদ, যশোর জেলা শাখার সভাপতি আফরোজা শিরীনের সভাপতিত্বে মানববন্ধনে শহরের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা একাত্মতা প্রকাশ করে বক্তব্য প্রদান করেন।
মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, “শারদীয় দুর্গোৎসব কেবল একটি বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের উৎসব নয়, এটি আমাদের জাতীয় ইতিহাস, সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধনের অন্যতম রূপকার। এই আবহমান উৎসবকে কলঙ্কিত করতে কোনো অপশক্তি যেন কোনো ধরনের উসকানি, গুজব বা সহিংসতা ছড়াতে না পারে—সে বিষয়ে প্রতিটি নাগরিককে সজাগ থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
একই সঙ্গে জেলার প্রতিটি পূজামণ্ডপ ও সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কঠোর ও দৃশ্যমান ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়।
আয়োজিত মানববন্ধনে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন—মাহবুবুর রহমান মজনু, হারুন-অর-রশিদ, খন্দকার আজিজুল হক মনি, অ্যাডভোকেট আবুল হোসেন, শাহিন ইকবাল, অ্যাডভোকেট আয়নাল হোসেন, ইজিয়ার আবু হাসান, অরোদ্ধা বিশ্বাস, অ্যাডভোকেট মাহমুদুল হাসান বুলু, দীপঙ্কর দাস রতন, বীথিকা সরকার, আমিনুর রহমান হিরু, শাজ্জাদুর রহমান খান বিপ্লব, শ্রাবনী সুর, সুকান্ত দাস, হাবিবা শেফা, আফরোজা বেগম, সুলতানা রহমান জলি, উথে মাকসুদা মাসু, অ্যাডভোকেট কামরুন নাহার কনা এবং ঝোলা মরদার সহ স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ।
মানববন্ধন শেষে বক্তারা আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, উৎসবমুখর ও সম্পূর্ণ নিশ্ছিদ্র নিরাপদ পরিবেশে পালনের উদ্দেশ্যে প্রশাসনসহ স্থানীয় সব স্তরের জনসাধারণের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। ছবি সংগৃহীত।

