স্ফুলিঙ্গ ডেক্স :
তারিখ: ১১ নভেম্বর ২০২৬
দৈনিক যুগান্তরের মাল্টিমিডিয়া ইনচার্জ অমিত হাসান রবিনের রাজবাড়ীর পাংশা উপজেলার পৈতৃক বসতবাড়িতে সশস্ত্র হামলার খবর পাওয়া গেছে। দুর্বৃত্তদের অতর্কিত তাণ্ডব ও মারধরে সাংবাদিকের বাবা, মা, বোন ও ভাবিসহ পরিবারের চারজন গুরুতর আহত হয়েছেন। গত মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) রাত ৯টার দিকে উপজেলার পাট্টা ইউনিয়নের গোলাবাড়ি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
হামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে ২০ থেকে ৩০ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী গোলাম মোস্তফা লুলু বিশ্বাসের বাড়িটি ঘিরে ফেলে। দুষ্কৃতকারীরা ঘরে প্রবেশ করেই অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে এবং প্রাণে মেরে ফেলার ভয় দেখায়। এমনকি বসতবাড়িতে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তারা ঘরবাড়ির আসবাবপত্র, ফ্রিজ ও টেলিভিশনসহ মূলবান মালামাল তছনছ করে।
বিজ্ঞাপন
হামলাকারীদের দেশীয় অস্ত্রের আঘাতে জখম হন সাংবাদিকের বাবা গোলাম মোস্তফা লুলু বিশ্বাস, মা ডলি আক্তার, বোন ঐশি আক্তার ও ভাবি শাহানা খাতুন। সন্ত্রাসীরা যাওয়ার সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে এলাকায় চরম ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে।
ভুক্তভোগী সাংবাদিক অমিত হাসান রবিন জানান, সম্পূর্ণ পরিকল্পিতভাবে স্থানীয় সন্ত্রাসী বাহিনী তাঁদের বসতবাড়িতে প্রবেশ করে এ তাণ্ডব চালিয়েছে এবং পরিবারের নারী সদস্যদের ওপর হাত তুলেছে।
প্রাথমিক অনুসন্ধানের তথ্যে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, মঙ্গলবার রাত আটটার দিকে পাট্টা ইউনিয়নের পুইজোর বাজারে একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। ওই মিছিলে সাংবাদিক রবিনের ভাই অংশগ্রহণ করেছিলেন বলে জানা গেছে। মূলত এর জের ধরেই প্রতিপক্ষ রাজনৈতিক ও স্থানীয় একদল ক্ষুব্ধ ব্যক্তি তাঁদের বাড়িতে গিয়ে ভাঙচুর ও সহিংসতা চালায়।
পুলিশ কর্মকর্তা আরও জানান, খবর পাওয়ার পর পরই ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। আক্রান্ত পরিবারটিকে থানায় লিখিত অভিযোগ দায়েরের পরামর্শ দেওয়া হয়েছে। অপরাধীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বর্তমানে এলাকাটিতে অতিরিক্ত পুলিশি টহল বৃদ্ধি করা হয়েছে। ছবি সংগৃহীত।
