স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক দুটি অভিযানে মোট ১৮০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার (১০ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় বেনাপোল পোর্ট থানা ও কোতোয়ালি মডেল থানাধীন এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, প্রথম অভিযানটি পরিচালিত হয় গত ১০ অক্টোবর রাত সাড়ে সাতটার দিকে। যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন ৪ নম্বর বেনাপোল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গয়ড়া আদম মোড় এলাকার জনৈক ওয়েত্ব আলীর মুদি দোকানের সামনে গয়ড়া থেকে কাগজপুকুর মোড়গামী পাকা রাস্তার ওপর থেকে ১২০ পিস ইয়াবাসহ মো. জাহিদ হোসেনকে (২৫) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জাহিদ হোসেন বেনাপোল পোর্ট থানার ৬ নম্বর ওয়ার্ডের গয়ড়া স্কুল মোড় এলাকার রবিউল হোসেন ও জামেনা বেগম দম্পতির ছেলে। ডিবির এসআই (নিঃ) শেখ হাদীউজ্জামানের নেতৃত্বে একটি চৌকস টিম এই অভিযান পরিচালনা করে।
অপরদিকে, একই দিন সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে যশোর জেলার কোতোয়ালি মডেল থানাধীন ৫ নম্বর উপশহর ইউনিয়নের ৭ নম্বর সেক্টরের আয়েশা স্টোরের সামনে পাকা রাস্তার ওপর থেকে আরও ৬০ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। ডিবির এসআই (নিঃ) মো. কামাল হোসেনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে মো. সাব্বির হোসেনের (২৫) নিকট থেকে ৩০ পিস এবং মো. আল ফারুকের (২৭) নিকট থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার সাব্বির হোসেন কোতোয়ালি থানার এনায়েতপুর হাশিমপুর এলাকার মো. হাবিবুর রহমান হবিবারের ছেলে এবং আল ফারুক ঘুরুলিয়া উত্তরপাড়া এলাকার মো. শাহিনুর হোসেনের ছেলে।
বিজ্ঞাপন
পৃথক অভিযানে মোট ১৮০ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে রবিবার (১১ অক্টোবর ২০২৬) আইনি প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেপ্তারকৃত তিন আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা। ছবি সংগৃহীত।

