স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর জেলাজুড়ে ঘটে যাওয়া দুটি পৃথক দুর্ঘটনায় এক অজ্ঞাতনামা বৃদ্ধ ও এক মাছের ঘেরকর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার জেলার সদর উপজেলা ও মণিরামপুর উপজেলায় এসব মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
যশোর সদর উপজেলার যশোর-ঝিনাইদহ মহাসড়কের বিনোদিয়া পার্কের সামনের রাস্তায় শুক্রবার আনুমানিক রাত ২টার দিকে সড়ক দুর্ঘটনায় আনুমানিক ৬৫ বছর বয়সী অজ্ঞাত এক বৃদ্ধ মারাত্মক আহত হন। স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি অজ্ঞাত যানবাহন তাঁকে সজোড়ে ধাক্কা দেয়। এতে তিনি মাথা ও মুখে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে সড়কের ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন। পরে স্থানীয়রা তাঁকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। নিহতের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি তবে প্রাথমিকভাবে তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে ধারণা করা হচ্ছে। পুলিশ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
অপরদিকে যশোরের মণিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে আজ সকাল ৬টার দিকে একটি মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইউসুফ আলী নামে ৪০ বছর বয়সী এক ঘেরকর্মীর করুণ মৃত্যু হয়েছে। নিহত ইউসুফ আলী একই গ্রামের মৃত রজব আলী মোড়লের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে গোবিন্দপুর গ্রামের কবির হোসেনের মালিকানাধীন মাছের ঘেরে বৈদ্যুতিক মোটরের সাহায্যে পানি তোলার কাজ করছিলেন ইউসুফ। এ সময় অসাবধানতাবশত পাশে থাকা স্পর্শকাতর অরক্ষিত বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে মুহূর্তেই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরবর্তীতে পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মণিরামপুর থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। ছবি সংগৃহীত।
বিজ্ঞাপন

