স্ফুলিঙ্গ রিপোর্ট :
মাদকমুক্ত ও একটি আদর্শ সমাজ গঠনের দৃঢ় প্রত্যয় নিয়ে যশোরের সদর উপজেলার সিলুমপুর গ্রামে এক বিশেষ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) রাত ৯টার দিকে সিলুমপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে স্থানীয় সিলুমপুর যুব সমাজের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস) মো. মিরাজুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যশোর কেন্দ্রীয় কারাগারের সহকারী সার্জন ও এইচটিসির সভাপতি ডা. মো. সাজ্জাদ হোসেন। সিলুমপুর যুব সমাজের অভিভাবক মো. মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক শাহরিয়ার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম বলেন, মাদক কেবল একক কোনো ব্যক্তির জীবনই ধ্বংস করে না, বরং একটি পরিবার ও গোটা সমাজকে চরম বিপর্যয়ের মুখে ঠেলে দেয়। মাদকের এই ভয়াল গ্রাস থেকে আজকের তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে পরিবার, সমাজ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরও স্পষ্ট করে বলেন, কেবল পুলিশের একক প্রচেষ্টায় সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব নয়; এর জন্য অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও এলাকার সচেতন নাগরিকদের নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।
বিজ্ঞাপন
তরুণদের বিপথগামিতা রোধে তাদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং নানা ধরনের ইতিবাচক সামাজিক উদ্যোগে সম্পৃক্ত করার ওপর বিশেষ জোর দিয়ে তিনি বলেন, এলাকার কোথাও মাদক কেনাবেচা বা সেবনের বিন্দুমাত্র তথ্য পাওয়া গেলে তা যেন তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়। পাশাপাশি মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য তিনি স্থানীয় জনসাধারণের প্রতি উদাত্ত আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, একটি সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণের প্রধান শর্ত হলো মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করা। এ জন্য জনসচেতনতা বৃদ্ধি, তরুণদের মাঝে নৈতিক মূল্যবোধ জাগিয়ে তোলা এবং পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকের কুফল সম্পর্কে খোলামেলা আলোচনার ওপর গুরুত্বারোপ করেন তারা। পরিশেষে সকলের সম্মিলিত প্রচেষ্টায় সিলুমপুর গ্রামকে একটি সম্পূর্ণ মাদকমুক্ত ও আদর্শ মডেল গ্রাম হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করা হয়।
উক্ত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি লিটন হোসেন এবং সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট বিল্লাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সিলুমপুরকে মাদকের করাল গ্রাস থেকে মুক্ত রাখতে এবং তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।
