স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরে জেলার সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নাগরিক সুবিধা সুসংহত করার লক্ষ্যে জেলা আইনশৃঙ্খলা কমিটির নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
রোববার (৯ আগস্ট ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ ‘অমিত্রাক্ষরে’ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আশেক হাসানের সভাপতিত্বে এ সভাটি সম্পন্ন হয়।
বিজ্ঞাপন
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা, উপজেলার নির্বাহী কর্মকর্তাবৃন্দ (ইউএনও) এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ প্রতিনিধিগণ।
সভায় জেলার সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি গভীরভাবে পর্যালোচনা করে এলাকাভিত্তিক মাদক ব্যবসা, সন্ত্রাসবাদ, চাঁদাবাজি, চুরি, ছিনতাই এবং উদীয়মান কিশোর গ্যাংয়ের অপতৎপরতা রুখতে আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও নজরদারি জোরদারের নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া সীমান্ত এলাকায় বেআইনি পুশইন, অবৈধ মারণাস্ত্র ও জাল টাকা প্রবেশ প্রতিহত করতে বিশেষ সতর্কবার্তা জারি করা হয়। একইসাথে সম্ভাব্য বন্যা পরিস্থিতি সামাল দিতে পূর্বপ্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন সভাপতি।
সভায় গৃহীত অন্যান্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে রয়েছে—সড়ক দুর্ঘটনা রোধ, যানজট নিরসন, নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা, বাল্যবিবাহ ও শিশু নির্যাতন প্রতিরোধ করা। এছাড়া শহরকে পরিচ্ছন্ন ও শব্দদূষণমুক্ত রাখতে কার্যকর ভূমিকা পালন এবং জেলার বিভিন্ন বিপণিবিতান ও মার্কেটে সিসি ক্যামেরা সার্বক্ষণিক সচল রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। ছবি সংগৃহীত।

