স্ফুলিঙ্গ রিপোর্ট :
মাগুরার শালিখা উপজেলার বুনাগাতি ইউনিয়নের ঐতিহ্যবাহী হাটবাড়িয়া গ্রামে এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ক্ষতিকর সামাজিক দলাদলি নিরসন এবং অপরাধ প্রতিরোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে এক সুধী ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) মাগুরা জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা। প্রধান অতিথির বক্তব্যে তিনি সামাজিক সংঘাত ও দলাদলি বন্ধের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
পুলিশ সুপার বলেন, “এলাকার সার্বিক শান্তি, স্থায়িত্ব ও উন্নয়ন বজায় রাখতে সামাজিক দলাদলি পুরোপুরি নিরসন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারস্পরিক সহমর্মিতা, সামাজিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে বসবাস করতে হবে। মাদক, জুয়া, কিশোর অপরাধসহ যেকোনো ধরনের সামাজিক অপরাধ প্রতিরোধে আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি সাধারণ জনগণের সচেতন ও সক্রিয় সহযোগিতা একান্ত প্রয়োজন। মাগুরা জেলা পুলিশ এলাকার সাধারণ মানুষের জানমালের সুনির্দিষ্ট নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা বদ্ধপরিকর।”
উক্ত মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, বিশিষ্ট সমাজসেবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণের সাথে এলাকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি এবং অপরাধ দমনে করণীয় বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় যেকোনো পারস্পরিক বিভেদ পরিহার করে এলাকার স্বার্থে শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়ার সাথে সাথে তা দ্রুত পুলিশকে জানানোর অনুরোধ জানানো হয়।
সভায় মাগুরা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সাধারণ মানুষের সাথে সুদৃঢ় সমন্বয় ও পারস্পরিক প্রাতিষ্ঠানিক সহযোগিতার ভিত্তিতে একটি নিরাপদ, অপরাধমুক্ত ও সম্প্রীতিপূর্ণ সমাজ গঠনে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এবং অতিরিক্ত দায়িত্বে (ক্রাইম অ্যান্ড অপস্) থান্দার খায়রুল হাসান, পিপিএম, শালিখা থানার অফিসার ইনচার্জসহ (ওসি) জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ। ছবি সংগৃহীত।

