জাকির হোসাইন তুষার, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি:
তারিখ: ১২ নভেম্বর ২০২৬
মাগুরার মহম্মদপুর উপজেলায় একটি কালী মন্দিরের দরজার তালা ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার (১১ নভেম্বর ২০২৬) গভীর রাতে উপজেলার বাজার রাধানগর গ্রামের বাসিন্দা স্বপন চক্রবর্তীর বাড়ির মন্দিরে এই চুরি সংঘটিত হয়। এতে ভারত থেকে আনা দুর্লভ গিরিধারী পাথর ও স্বর্ণালংকারসহ প্রায় তিন লাখ টাকার মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
মন্দিরের মালিক স্বপন চক্রবর্তী জানান, গভীর রাতে সংঘবদ্ধ চোরের দল মন্দিরের মূল ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা বৃন্দাবন থেকে আনা পবিত্র গিরিধারী পাথর, প্রতিমার স্বর্ণালংকার এবং পূজার অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দেয়। সকালে পরিবারের সদস্যরা মন্দিরের তালা ভাঙা অবস্থায় দেখতে পেয়ে বিষয়টি স্থানীয় প্রশাসন ও পুলিশকে অবহিত করেন।
বিজ্ঞাপন
চুরি যাওয়ার খবর পেয়ে আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রি। এর কিছুক্ষণ পর মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম. শামীম আহমেদও পুলিশের একটি দল নিয়ে মন্দির চত্বর পরিদর্শন করেন এবং ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলেন।
পরিদর্শনকালে উপস্থিত গণমাধ্যমকর্মীদের ওসি এম. শামীম আহমেদ বলেন, “মন্দিরে চুরির বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে। কারা এর পেছনে জড়িত তা খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং দৃষ্টান্তমূলক বিচারের ব্যবস্থা নিশ্চিত করা হবে।”
এদিকে ধর্মীয় প্রতিষ্ঠানে এমন চুরির ঘটনায় বাজার রাধানগরসহ পুরো এলাকার সনাতন ধর্মাবলম্বী ও সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভ ও নিরাপত্তাহীনতার উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা অবিলম্বে চোর চক্রকে গ্রেপ্তার এবং লুণ্ঠিত গিরিধারী পাথর ও স্বর্ণালংকার উদ্ধারের জোর দাবি জানিয়েছেন। ছবি প্রতিবেদক।
