শহিদ জয় :
যশোরের মণিরামপুরে সনাতনী সম্প্রদায়ের পল্লীতে ২৫টি বসতবাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবর ও ভিডিওকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন বলে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে জেলা পুলিশ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) রাত ৭টায় যশোর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিরাজুল ইসলাম।
সংবাদ সম্মেলনে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অগ্নিসংযোগের ভিডিও এবং তার সাথে প্রচারিত তথ্যের সাথে মাঠপর্যায়ের বাস্তব ঘটনার বিন্দুমাত্র মিল নেই। একটি চিহ্নিত কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ও বিভ্রান্তিকর ভিডিও ক্লিপ ইন্টারনেট মাধ্যমে ছড়িয়ে যশোরের ঐতিহ্যবাহী সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
বিজ্ঞাপন
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, যশোরে বহু বছর ধরে সব ধর্মের মানুষ পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশে একত্রে বসবাস করে আসছেন। এই বিরাজমান সুন্দর পরিবেশকে ঘোলাটে করার লক্ষ্যে পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালানো হচ্ছে। তাই ভিত্তিহীন কোনো গুজবে কান না দেওয়ার জন্য সাধারণ জনগণের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মাধ্যমে সর্বসাধারণের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে পুলিশ কর্মকর্তা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাপ্ত কোনো সংবেদনশীল ভিডিও বা তথ্য যাচাই-বাছাই না করে তা লাইক, কমেন্ট বা শেয়ার করা থেকে বিরত থাকুন। কোনো ব্যক্তি বা গোষ্ঠী অসত্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে আতঙ্ক তৈরি বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
যশোর জেলা পুলিশ জানিয়েছে, গুজবের নেপথ্যে জড়িতদের চিহ্নিত করতে ইতিমধ্যে তাদের সাইবার টহল জোরদার করা হয়েছে এবং অপপ্রচারকারীদের অতি দ্রুত আইনি আওতায় আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। ছবি সংগৃহীত।

