স্ফুলিঙ্গ রিপোর্ট
তারিখ: ২৭ নভেম্বর ২০২৬
ভালো কাজের সন্ধানে ভারতে গিয়ে কারাবাসের মেয়াদ শেষে দেশে ফিরেছেন আট বাংলাদেশি নাগরিক। বিশেষ ট্রাভেল পারমিটের আওতায় গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাঁদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তুলে দেয়।
পুলিশের তথ্য অনুযায়ী, দেশে ফেরা ওই ব্যক্তিরা ফরিদপুর, চট্টগ্রাম, নড়াইল, যশোর, বরগুনা, পঞ্চগড় ও সাতক্ষীরা জেলার বাসিন্দা। তাঁরা সচ্ছলতার আশায় দালালদের সহায়তায় সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে বিভিন্ন এলাকায় কাজ করছিলেন। পরবর্তীতে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে ভারতের তামিলনাড়ু ও কলকাতার দমদম এলাকা থেকে পুলিশ তাঁদের আটক করে। এরপর আদালতের রায়ে তাঁরা বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ভোগ করেন।
বিজ্ঞাপন
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, সাজা শেষে ফেরত আসা আট বাংলাদেশির ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পর তাঁদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ারের ফিল্ড কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, থানা থেকে তাঁদের নিজেদের তত্ত্বাবধানে নেওয়া হবে এবং শেল্টারহোমে রাখা হবে। পরবর্তী সময়ে পরিবারের সঙ্গে যোগাযোগ করে স্বজনদের হাতে তুলে দেওয়া হবে। ছবি সংগৃহীত।
