স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে অস্বাভাবিক ও জখম-অসুস্থ অবস্থায় এরশাদ (৩৮) নামের এক ব্যক্তিকে উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা-পুলিশ।
আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) সকাল সাড়ে ৭টার দিকে বেনাপোল স্থলবন্দর আইসিপি সংলগ্ন সাদীপুর রাস্তার মোড় থেকে তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
উদ্ধারকৃত এরশাদ টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার সলিমাবাদ গ্রামের মৃত মর্তুজ খানের ছেলে।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে সাদীপুর রাস্তার মোড়ে এক ব্যক্তিকে অস্বাভাবিক ও অচেতনপ্রায় অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পাওয়া মাত্রই বেনাপোল পোর্ট থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য দ্রুত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত ব্যক্তি এরশাদ পেশায় একজন জেনারেটর মেকানিক। কাজের উদ্দেশ্যে তিনি সম্প্রতি ঢাকা থেকে বেনাপোলে আসেন। তিনি একদম সংজ্ঞাহীন না থাকলেও তাঁর মানসিক ও শারীরিক অবস্থা স্বাভাবিক ছিল না। ঠিক কী কারণে বা কোন পরিস্থিতিতে তিনি রাস্তার পাশে এমন অস্বাভাবিক অবস্থায় পড়ে ছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। শারীরিক অবস্থার উন্নতি হলে তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটন করা হবে বলে জানিয়েছে পুলিশ। ছবি সংগৃহীত।

