স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর শহরের বিরামপুর কালীতলা এলাকায় বাসা-বাড়ির নিরাপত্তার কাজে ব্যবহৃত সিসি ক্যামেরা চুরির ঘটনার রহস্য উদঘাটন করে চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে উপশহর পুলিশ ক্যাম্পের সদস্যরা। অভিযানকালে উদ্ধার করা হয়েছে চুরি হওয়া তিনটি সিসি ক্যামেরা।
আজ বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে বিচারক তাঁদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আটককৃতরা হলেন— বিরামপুর কালীতলা এলাকার জাফর শেখের ছেলে মোহন শেখ (২৮) এবং একই এলাকার গোলাম সাদেক খানের ছেলে মোহাম্মদ আলী (৩০)।
বিজ্ঞাপন
গতকাল বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) রাতে উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে একটি টিম বিরামপুর কালীতলা এলাকায় পৃথক সাঁড়াশি অভিযান চালিয়ে নিজ নিজ বসতবাড়ি থেকে তাঁদের আটক করে।
মামলার বাদী আরিফুর রহমান বাদল জানান, গত ২৯ সেপ্টেম্বর রাতে তিনি যথারীতি সিসি ক্যামেরার সংযোগ পরীক্ষা করে ঘুমাতে যান। পরদিন সকালে উঠে দেখেন তাঁর ছাদ ও পাশের বৈদ্যুতিক খুঁটিতে বসানো তিনটি সিসি ক্যামেরা গায়েব হয়ে গেছে। পরবর্তীতে তিনি বাদী হয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত চুরি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই উপশহর পুলিশ ক্যাম্প তদন্ত শুরু করে সিসি ক্যামেরাসহ অপরাধীদের গ্রেফতার করতে সক্ষম হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃত দুই চোর দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন বাসা-বাড়ি ও অফিস থেকে এসির তামা ও বৈদ্যুতিক তার, তামার পাইপ এবং সিসি ক্যামেরার মতো সংবেদনশীল নিরাপত্তা সামগ্রী চুরির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। তাদের অন্য সহযোগীদের বিষয়ে অনুসন্ধান চালানা হচ্ছে। ছবি সংগৃহীত।

