স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের খোলাডাঙ্গা এলাকায় রুবি খাতুন নামের এক নারীর বাড়িতে অস্ত্র ও হাতবোমা নিয়ে হামলা এবং হত্যাচেষ্টার ঘটনায় দায়েরকৃত চাঞ্চল্যকর মামলায় স্থানীয় বিএনপি নেতা বাচ্চু মিয়াসহ ১৫ জনের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন (চার্জশিট) দাখিল করেছে পুলিশ। অভিযুক্ত বাচ্চু মিয়া ওরফে ‘রড বাচ্চু’ আরবপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা যশোর কোতোয়ালি থানার এসআই অমৃত দাসের আদালতে পেশ করা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিরোধের সূত্রপাত মূলত জমি দখল ও অর্থ লেনদেন কেন্দ্রিক। ২০২৫ সালের ১৪ আগস্ট ভুক্তভোগী রুবি খাতুনের নিকট থেকে একটি বিরোধপূর্ণ জমি দখলমুক্ত করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৪ লাখ টাকা গ্রহণ করেন বাচ্চু। পরবর্তীতে জমি উদ্ধার করতে না পারায় রুবি খাতুন তাঁর প্রদত্ত অর্থ ফেরত চাইলে বাচ্চুর সাথে সম্পর্কের অবনতি ঘটে এবং বিরোধের সৃষ্টি হয়।
তদন্ত প্রতিবেদনে আরও বলা হয়, টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া ওই শত্রুতার জেরে গত ১৫ জুন রাতে বাচ্চু মিয়ার সরাসরি নেতৃত্বে ১৫ জনের একটি সশস্ত্র দল দেশীয় ধারালো অস্ত্র ও হাতবোমাসহ রুবি খাতুনের বাড়িতে চড়াও হয়। হামলাকারীরা রুবির বসতবাড়ি লক্ষ্য করে পর পরপর একাধিক বোমার বিস্ফোরণ ঘটিয়ে পরিবারটিকে হত্যার চেষ্টা চালায়। সে সময় ভাগ্যক্রমে পরিবারের সদস্যরা প্রাণে রক্ষা পান।
বিজ্ঞাপন
এলাকাবাসীর কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, অভিযুক্ত ‘রড বাচ্চু’ দীর্ঘদিন ধরে এলাকায় বোমাবাজি, জমি দখল, চাঁদাবাজি এবং মাদক কারবারিদের ছত্রছায়া দেওয়ার অভিযোগের সাথে যুক্ত।
এদিকে দলীয় পরিচয় ব্যবহার করে অপরাধ সংঘটনের বিষয়ে সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। দলীয় নেতারা জানান, অভিযুক্ত বাচ্চুর বিরুদ্ধে আনীত অভিযোগগুলো গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করা হচ্ছে। আদালতে অভিযোগ প্রমাণিত হলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না এবং তাঁর বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ছবি সংগৃহীত।
