বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া:
পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রে অধিকার আদায়ের আন্দোলনরত শ্রমিকদের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, ধানখালী ইউনিয়ন যুবদলের সভাপতির নেতৃত্বে চালানো এ হামলায় জেলা নৌযান শ্রমিক ইউনিয়নের অন্তত ১২ জন সদস্য আহত হয়েছেন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) বিকেল পাঁচটার দিকে তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটি সংলগ্ন বটতলা বাজার এলাকায় এ রক্তক্ষয়ী ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
হামলায় গুরুতর আহত রেজাউল প্যাদা (৪০), হীরন প্যাদা (৩৫), ইমাম প্যাদা (৩০), খোকন (২৫) ও হাসান (২০)-কে আশঙ্কাজনক অবস্থায় কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকীদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আহত নৌযান শ্রমিকদের সূত্রে জানা যায়, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে আগমনকারী জাহাজের মালামাল ওঠানো-নামানোর কার্যক্রমে সরকার নিবন্ধিত সংগঠন ‘পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়ন’-এর সদস্যদের অন্তর্ভুক্ত করার ন্যায্য দাবিতে মঙ্গলবার বেলা ১১টা থেকে তারা সেখানে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন। পরবর্তীতে বিকেল তিনটার দিকে কলাপাড়া থানা পুলিশের আশ্বাসে ও মধ্যস্থতায় শ্রমিকরা সাময়িকভাবে আন্দোলন কর্মসূচি স্থগিত করেন।
তবে আন্দোলন স্থগিতের পর শ্রমিকরা বিচ্ছিন্নভাবে পাশ্ববর্তী বটতলা বাজার এলাকায় অবস্থান করছিলেন। অভিযোগ অনুযায়ী, বিকেল পাঁচটার দিকে ধানখালী ইউনিয়ন যুবদলের সভাপতি তপন মৃধার নেতৃত্বে ৭ থেকে ৮ জনের একটি সশস্ত্র দল লাঠিসোটা নিয়ে অবস্থানরত শ্রমিকদের ওপর অতর্কিত হামলা চালায়। পরে স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে দ্রুত কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন।
অভিযোগের বিষয়ে ধানখালী ইউনিয়ন যুবদলের সভাপতি তপন মৃধা তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত দাবি অস্বীকার করে বলেন, “ঘটনাস্থলে প্রশাসনের লোকজনের উপস্থিত ছিল। তারা যদি তদন্তে প্রমাণ পায় যে আমি হামলায় জড়িত ছিলাম, তবে আমি অপরাধী। মারামারির ঘটনার খবর পেয়ে আমি পরে সেখানে গিয়েছি, কারা এতে যুক্ত তা আমার জানা নেই।”
কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, ঘটনার বিষয়টির খবর পেয়ে পুলিশ নজরদারি রাখছে। এ বিষয়ে ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্তসাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ছবি-বিশ্বাস শিহাব পারভেজ মিঠু।


