স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের ঝিকরগাছা উপজেলার মল্লিকপুর গ্রামের বাসিন্দা, মহান মুক্তিযুদ্ধের বীর সন্তান বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী (৭৭) আর নেই। রোববার (১১ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজনসহ অসংখ্য গুণগ্রাহী ও সহযোদ্ধা রেখে গেছেন।
তাঁকে শেষ বিদায় জানাতে বিকেল সাড়ে ৪টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মরহুমের প্রতি পরম শ্রদ্ধা জ্ঞাপন করে রাষ্ট্রীয় সম্মান প্রদান করা হয়। ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম সাইফুল্লাহ-এর সার্বিক নেতৃত্বে বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলীকে গার্ড অব অনার প্রদান করে।
রাষ্ট্রীয় মর্যাদার এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান, উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা রশিদুর রহমান রশিদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রবসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, ঝিকরগাছা থানা পুলিশের সদস্যবৃন্দ, স্বজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিজ্ঞাপন
পারিবারিক সূত্রে জানা গেছে, বাদ মাগরিব স্থানীয় মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে মল্লিকপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়।
বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলীর প্রয়াণে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও বিনম্র শ্রদ্ধা প্রকাশ করা হয়েছে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। ছবি সংগৃহীত।

