স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর কোতোয়ালি থানাধীন তালবাড়ীয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ সাব-ইনস্পেক্টর (এসআই) মো. ইলিয়াস হোসেনের নেতৃত্বে পরিচালিত এক ঝটিকা অভিযানে জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মো. হায়দার আলী (৫২) গ্রেপ্তার হয়েছেন।
আজ সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) রাত আনুমানিক ২:০০ ঘটিকার সময় যশোর শহরতলীর বাহাদুরপুর মোল্যাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. হায়দার আলী বাহাদুরপুর মোল্যাপাড়া এলাকার আব্দুল হাকিম বিশ্বাস ও জহুরুন নেছার ছেলে।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং তালিকাভুক্ত আসামিদের গ্রেপ্তারে তালবাড়ীয়া পুলিশ ক্যাম্পের দূরদর্শী ও চৌকস কর্মকর্তা এসআই মো. ইলিয়াস হোসেনের কঠোর নজরদারি এবং সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। গভীর রাতে বাহাদুরপুর এলাকায় আসামির গোপন উপস্থিতির খবর পাওয়া মাত্রই কোনো সুযোগ না দিয়ে এসআই ইলিয়াসের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল বাড়িটি ঘেরাও করে এবং অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে হায়দার আলীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
তালবাড়ীয়া ক্যাম্পের ইনচার্জ এসআই মো. ইলিয়াস হোসেনের এমন ঝটিকা ও নির্ভীক আভিযানিক পদক্ষেপে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ও পুলিশের প্রতি আস্থা আরও সুদৃঢ় হয়েছে।
আটককৃত আসামিকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। ছবি সংগৃহীত।
