রফিক মন্ডল, নিজস্ব প্রতিবেদক, কোটচাঁদপুর (ঝিনাইদহ) :
ঝিনাইদহের কোটচাঁদপুরে চার দিন ধরে নিখোঁজ থাকা মো. মফিজুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) সকাল ৯টা ২০ মিনিটের দিকে উপজেলার কুশনা ইউনিয়নের নিজ বাড়ির পাশের একটি পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
নিহত মফিজুল ইসলাম কোটচাঁদপুর উপজেলার হরিন্দীয়া ঝামাঘাটা গ্রামের মৃত মসলেম উদ্দিনের ছেলে।
বিজ্ঞাপন
স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা যায়, গত চার দিন আগে নিজ বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হন মফিজুল। এরপর থেকে পরিবারের সদস্যরা সম্ভাব্য আত্মীয়-স্বজন ও বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান মেলাতে পারেননি। এ ঘটনায় নিহতের পরিবারের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি হয়েছিল।
অবশেষে আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা নিহতের বাড়ির পাশের আনোয়ার হোসেনের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখেন। পরে কৌতূহলবশত কাছে গিয়ে স্থানীয় ও স্বজনেরা মরদেহটি নিখোঁজ মফিজুল ইসলামের বলে শনাক্ত করেন।
খবর পেয়ে কোটচাঁদপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে হেফাজতে নেয়। পরবর্তীতে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে আইনগত প্রক্রিয়া ও ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়।
চার দিন ধরে সন্ধানহীন থাকার পর বাড়ির পাশের পুকুরেই মফিজুলের লাশ উদ্ধারের ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে এবং চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে কোটচাঁদপুর থানা পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন আসার পরই মৃত্যুর সঠিক ও প্রকৃত কারণ উন্মোচিত হবে। ঘটনাটি ঘিরে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের কাজ চলমান রয়েছে। ছবি সংগৃহীত।


