স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের কেশবপুরে ব্যস্ততম সড়কে প্রকাশ্যে ককটেল বিস্ফোরণে জুয়েল (৩৫) নামে এক মোটর শ্রমিক গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে আরও দুটি তাজা অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে।
বিজ্ঞাপন
আজ শনিবার (১৫ আগস্ট ২০২৬) বেলা পৌনে ১১টার দিকে কেশবপুর পৌর শহরের যশোর-সাতক্ষীরা সড়কের মধ্যকুল এলাকায় এই আতঙ্কের ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
আহত জুয়েল মধ্যকুল গ্রামের ব্যবসায়ী খানের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, পৌর শহরের একটি ফিলিং স্টেশনের উত্তর পাশে জেলেপাড়া সড়কের মুখে বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরিত হয়। এ সময় ওই সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় স্প্লিন্টারের আঘাতে জুয়েলের পা রক্তাক্ত জখম হয়। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
হাসপাতালের চিকিৎসক জাহিদুল ইসলাম জানান, ককটেলের স্প্লিন্টারের আঘাতে জুয়েলের পায়ে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। তাঁকে প্রয়োজনীয় জরুরি চিকিৎসা প্রদান করা হচ্ছে।
ঘটনার খবর পেয়ে কেশবপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আশেপাশে তল্লাশি চালিয়ে আরও দুটি অবিস্ফোরিত তাজা ককটেল জব্দ করে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোছাঃ রোকসানা খাতুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ খবর পাওয়া মাত্রই এলাকা ঘিরে ফেলে পরিস্থিতি স্বাভাবিক করেছে। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং উদ্ধারকৃত অবিস্ফোরিত ককটেল দুটি নিষ্ক্রিয়করণের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে স্থানীয় বাসিন্দা ও বিএনপি নেতাদের দাবি, ১৫ আগস্টকে কেন্দ্র করে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর উদ্দেশ্যে শুক্রবার রাতে মধ্যকুল এলাকার একটি মৎস্য ঘেরে আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপন বৈঠক করেন। তাঁদের অভিযোগ, সাবেক পৌর মেয়র ও পৌর সভাপতি রফিক মোড়ল এবং সাবেক কাউন্সিলর কামাল খানের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন নেতাকর্মী সেই নাশকতার ছক তৈরিতে অংশ নেন।
তবে এসব রাজনৈতিক অভিযোগের বিষয়ে পুলিশ জানায়, শুক্রবার রাতে মৎস্য ঘেরে আওয়ামী লীগ নেতাদের উপস্থিতির খবর এলাকাবাসী পুলিশকে জানিয়েছিল। ককটেল বিস্ফোরণের ঘটনার সঙ্গে সেই বৈঠকের কোনো সংযোগ রয়েছে কি না এবং পুরো বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ছবি সংগৃহীত।


