স্ফুলিঙ্গ রিপোর্ট
তারিখ: ২৬ নভেম্বর ২০২৬
অবৈধভাবে পাচারের অভিযোগে আনুমানিক ৬০ লাখ টাকা মূল্যের ১৫০ টন সরকারি গমসহ একটি লাইটার জাহাজ জব্দ করা হয়েছে যশোরের অভয়নগরে। এসআরবি-৬ এবং নৌ পুলিশের সম্মিলিত অভিযানে এই গম ও নৌযান আটক করা হয়। এ ঘটনায় ছয়জনকে আটক করা হলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে একজনকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে ঘটনার পর থেকে লাইটার জাহাজের মাস্টার পলাতক রয়েছেন।
গত বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার নওয়াপাড়া এলাকায় বেঙ্গল খেয়াঘাটের কাছাকাছি রাসেল ফরাজি ঘাটে যৌথ অভিযান চালিয়ে গমভর্তি লাইটার জাহাজটি জব্দ করা হয়।
বিজ্ঞাপন
এসআরবি-৬-এর তথ্যমতে, মোংলা বন্দরের উদ্দেশ্যে আসা একটি বিদেশি জাহাজ থেকে বাগেরহাটের হারবাড়িয়া পয়েন্টে ১৫০ টন সরকারি গম একটি লাইটার জাহাজে নামিয়ে আনা হচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে গমসহ লাইটার জাহাজটি নিজেদের নিয়ন্ত্রণে নেয়।
অভিযান চলাকালে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দিন দিপু এবং সহকারী কমিশনার (ভূমি) আবির আনসারী।
পরবর্তীতে জব্দকৃত ১৫০ টন গম, লাইটার জাহাজ এবং আটক পাঁচজনকে নৌ পুলিশের হাতে সোপর্দ করা হয়। সংশ্লিষ্ট ঘটনায় আইনগতভাবে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ছবি সংগৃহীত।
