স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের শার্শা থানা পুলিশের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ বোতল বিদেশী মদ এবং ১টি অ্যাপাচি আরটিআর মোটরসাইকেলসহ তিন তরুণকে হাতেনাতে গ্রেপ্তার করেছে।
রোববার (১৮ অক্টোবর ২০২৬) রাত সাড়ে ৭টার দিকে শার্শা থানাধীন শার্শা গ্রামস্থ বেতনা নদীর ওপর নিজামপুর হতে কামারবাড়ীগামী রাস্তার কামারবাড়ী ব্রিজের ওপর থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।
শার্শা থানার এসআই শেখ আল আমিনের নেতৃত্বে পুলিশ অফিসার ও ফোর্সের একটি চৌকস টিম এই অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃত তিন অভিযুক্তই যশোর জেলার মণিরামপুর উপজেলার বাসিন্দা।
বিজ্ঞাপন
গ্রেপ্তারকৃতরা হলেন মণিরামপুর উপজেলার খেদাপাড়া গ্রামের দীপক কুমার বিশ্বাসের ছেলে নয়ন বিশ্বাস (১৯), খরিঞ্চী গ্রামের মো. ইসমাইল হোসেনের ছেলে মাসুদ রানা (১৯) এবং একই গ্রামের চনক কুমার মন্ডলের ছেলে প্রদীপ কুমার মন্ডল (৩০)।
পুলিশ জানায়, সীমান্ত এলাকা থেকে মোটরসাইকেলযোগে নিষিদ্ধ মাদকদ্রব্য বহন করে নিয়ে যাওয়ার সময় বেতনা নদীর কামারবাড়ী ব্রিজের ওপর তল্লাশি চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে দেহ ও বাইক তল্লাশি চালিয়ে ব্যাগ থেকে ২ বোতল বিদেশী মদ জব্দ করা হয়। একই সাথে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি অ্যাপাচি আরটিআর (Appache RTR) মোটরসাইকেল জব্দতালিকাভুক্ত করে থানা হেফাজতে নেওয়া হয়।
উদ্ধারকৃত আলামতসহ আসামিদের বিরুদ্ধে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ। ছবি সংগৃহীত।
