স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের শার্শা থানা পুলিশের এক বিশেষ মাদকবিরোধী অভিযানে ৮ লিটার চোলাই মদসহ আলমগীর হোসেন (৬০) নামের এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) বিকেল ৩টা ৪৫ মিনিটে শার্শা বাজারস্থ “হ্যালো গার্লস” নামক কাপড়ের দোকানের সামনে বেনাপোল-যশোর মহাসড়কের ওপর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আলমগীর হোসেন যশোর জেলার বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর (উত্তর পাড়া) গ্রামের মৃত শামসুর রহমানের ছেলে।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও মাদক কারবার রোধে নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে উপপরিদর্শক (এসআই) শেখ আলামিনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল মহাসড়ক এলাকায় টহল ও অভিযান পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বেনাপোল-যশোর মহাসড়কের শার্শা বাজার সংলগ্ন স্থানে বিশেষ তল্লাশি চালিয়ে আলমগীর হোসেনকে আটক করা হয়। পরবর্তীতে তাঁর হেফাজতে থাকা একটি ব্যাগ থেকে ৮ লিটার চোলাই মদ উদ্ধার করে পুলিশ এবং উপস্থিত সাক্ষীদের সামনে তা জব্দ তালিকাভুক্ত করা হয়।
মাদক উদ্ধারের এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। মামলা রুজু শেষে গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে শার্শা থানা পুলিশ নিশ্চিত করেছে। ছবি সংগৃহীত।

