স্ফুলিঙ্গ রিপোর্ট
তারিখ: ২৬ নভেম্বর ২০২৬
যশোরের শার্শা থানা পুলিশের চলমান বিশেষ অভিযানে নিয়মিত একটি মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামী হিসেবে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মো. মোস্তাফিজুর রহমান পলাশ (৪৫) শার্শা থানার তেবাড়িয়া এলাকার মৃত মোশারফ হোসেনের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, তিনি শার্শা উপজেলার ডিহি ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
পুলিশ জানায়, শার্শা থানার এসআই (নি.) শেখ মো. জাহিদুল আলমের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের একটি দল থানা এলাকায় অভিযান পরিচালনা করে। গত বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে (১৮.৪৫ ঘটিকা) শার্শা থানাধীন তেবাড়িয়া এলাকা থেকে পলাশকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে শার্শা থানার মামলা নম্বর-২৩ (তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬) এবং জিআর নম্বর-৩০২ (তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬) রয়েছে। বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৪/৬ ধারায় দায়েরকৃত ওই মামলার তদন্তে তাঁর সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়।
আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। থানা এলাকায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ছবি সংগৃহীত।
