স্ফুলিঙ্গ রিপোর্ট :
বিশ্বব্যাপী পোলিও দূরীকরণ এবং একটি শতভাগ পোলিওমুক্ত পৃথিবী গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার নিয়ে যশোরে রোটারি আন্তর্জাতিক জেলা ৬৪ বাংলাদেশ (যশোর জোন)-এর উদ্যোগে আজ শুক্রবার (২৩ অক্টোবর) এক বিশেষ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোটারি ইন্টারন্যাশনালের ফ্ল্যাগশিপ কর্মসূচি এন্ড পোলিও নাউ ২০২৬-এর অংশ হিসেবে যশোর প্রেস ক্লাবে এই সভার আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আন্তর্জাতিক পোলিও দিবস উপলক্ষে সারা দেশের মতো রোটারি আন্তর্জাতিক জেলা ৬৪ বাংলাদেশ যশোর জোনের তত্ত্বাবধানে যশোরে এক বর্ণাঢ্য সচেতনতা র্যালি ও নানা সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। শনিবার বিকাল চারটায় যশোর বিডি হল জেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালিটি শুরু হবে। এরপর র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক—দড়াটানা, চিত্রার মোড় ও ল্যাবস্ক্যানের সামনে দিয়ে অতিক্রম করে যশোর ইনস্টিটিউটের সামনে টাউনহল ময়দানে গিয়ে শেষ হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইন পোলিও নাও প্রোগ্রাম চেয়ারম্যান কাজী আজিজুর রহমান রনি। তিনি বলেন, পোলিও নির্মূলে বাংলাদেশের সাফল্য ঈর্ষণীয় হলেও বৈশ্বিক ঝুঁকির কারণে আমাদের বিন্দুমাত্র অসচেতন থাকার সুযোগ নেই। বিশ্বব্যাপী এই ঘাতক ব্যাধি সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত গণসচেতনতা অব্যাহত রাখতে হবে। আজকের বর্ণাঢ্য র্যালি ও সচেতনতামূলক নানা উদ্যোগে আমরা গণমাধ্যমের সক্রিয় উপস্থিতি ও সহযোগিতা কামনা করছি।
বিজ্ঞাপন
উক্ত সংবাদ সম্মেলনে সম্মানিত অতিথি ও রোটারি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কো-অর্ডিনেটর এডমিন রোটারিয়ান খাইরুল কবির চঞ্চল, যশোর প্রেস ক্লাবের সভাপতি রোটারিয়ান জাহিদ হাসান টুকুন, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক রোটারিয়ান এ জেড এম সালেক, ডেপুটি কো-অর্ডিনেটর সার্ভিস প্রজেক্ট রোটারিয়ান শামসুল আলম, ডেপুটি কো-অর্ডিনেটর মেম্বারশিপ রোটারিয়ান সাইফুল্লাহ খালেদ, ডেপুটি কো-অর্ডিনেটর পাবলিক ইমেজ রোটারিয়ান সোনিয়া ইসলাম, ডেপুটি কো-অর্ডিনেটর পার্টনার ইন সার্ভিস রোটারিয়ান রাজু আহমেদ এবং রোটারিয়ান রবিউল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে যশোর জোনের অন্তর্গত সকল রোটারি ক্লাবের সভাপতিবৃন্দ, রিপসা টিমের সকল সদস্য, বিভিন্ন ক্লাবের সম্মানিত রোটারিয়ান এবং রোটার্যাক্ট সদস্যগণ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বক্তারা উল্লেখ করেন, ১৯৮৫ সালে রোটারি ইন্টারন্যাশনাল পোলিও দূরীকরণের ঐতিহাসিক পদক্ষেপ নেওয়ার পর বিশ্বব্যাপী পোলিও সংক্রমণ বিপুল পরিমাণে হ্রাস পেয়েছে। পোলিওমুক্ত বিশ্ব গড়তে যশোর জোনের প্রতিটি ক্লাব ও সদস্য ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। ছবি সংগৃহীত।
