স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর শহরসংলগ্ন গুরুত্বপূর্ণ রেলরোড ফুডগোডাউনের ঠিক দক্ষিণ পাশে এক বসতঘরের টিনের চাল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সুযোগ বুঝে ঘরের ভেতরে ঢুকে অজ্ঞাত চোরেরা আনুমানিক দুই থেকে আড়াই ভরি স্বর্ণালংকার এবং নগদ দেড় লাখ টাকা লুট করে চম্পট দিয়েছে বলে ভুক্তভোগী পরিবার অভিযোগ তুলেছে।
বিজ্ঞাপন
চাঞ্চল্যকর এই চুরির শিকার গৃহকর্তা রবিউল ইসলাম রবি যশোর শহরের রেলরোড ফুডগোডাউনের দক্ষিণ পাশের বাসিন্দা লক্ষণ শিকদারের ছেলে।
বিজ্ঞাপন
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, গত বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে ঘরবাড়িতে তালা ঝুলিয়ে তারা সবাই এক নিকটাত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার (২১ আগস্ট) ভোর আনুমানিক ৪টার মধ্যবর্তী যেকোনো সময়ে সুচতুর চোরের দল ঘরের ওপরের চাল কেটে ভেতরে প্রবেশ করে।
চোর চক্রটি ঘরের প্রতিটি আসবাবপত্র তছনছ করে ড্রয়ার ও আলমারিতে রক্ষিত আড়াই ভরির মতো সোনার গহনা এবং নগদ লাখ দেড়েক টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে শুক্রবার সকালে স্বজনদের বাড়ি থেকে ফিরে রবিউল ইসলামের পরিবারের লোকজন ঘরের চাল কাটা এবং ভেতরের জিনিসপত্র ছড়ানো-ছিটানো অবস্থায় দেখে বাকরুদ্ধ হয়ে পড়েন।
ঘনবসতিপূর্ণ এই এলাকায় এমন ধূর্ত ও কায়দামাফিক চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ও নিরাপত্তার চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারটি অবিলম্বে খোয়া যাওয়া স্বর্ণালংকার ও নগদ অর্থ উদ্ধারের পাশাপাশি চোর শনাক্ত করে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে।
এ বিষয়ে আইনগত প্রতিকার চেয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত সাধারণ ডায়েরি (জিডি) দায়েরের চূড়ান্ত প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছেন ভুক্তভোগী রবিউল ইসলাম রবি। ছবি সংগৃহীত।

