স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর জেলায় ডেঙ্গু পরিস্থিতি প্রতিনিয়ত মারাত্মক রূপ ধারণ করছে। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এর মাধ্যমে চলতি বছরের ১ জানুয়ারি থেকে অদ্যাবধি জেলায় সর্বমোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫০৮ জনে।
বিজ্ঞাপন
যশোর সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত ডেঙ্গু সংক্রান্ত সর্বশেষ পরিসংখ্যান প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা যায়, নতুন আক্রান্ত ৪ জন রোগীর মধ্যে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ৩ জন এবং অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ভর্তি হয়েছেন।
বিজ্ঞাপন
প্রতিবেদন অনুযায়ী, জেলায় এ বছর মোট আক্রান্ত ৫০৮ জনের মধ্যে ইতিমধ্যেই চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৪৬৯ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে মোট ৩৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ জন, কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ৭ জন, ঝিকরগাছায় ৫ জন, মণিরামপুর ও শার্শায় ৩ জন করে এবং বাঘারপাড়ায় ১ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। তবে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই মুহূর্তে কোনো রোগী ভর্তি নেই।
স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যানে স্বস্তির বিষয় হলো, গত ২৪ ঘণ্টায় জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারো প্রাণহানির ঘটনা ঘটেনি এবং চলতি বছরেও এখন পর্যন্ত যশোরে ডেঙ্গুতে মৃত্যুর কোনো সরকারি রেকর্ড নেই। এছাড়া এ পর্যন্ত সর্বমোট ২ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
সিভিল সার্জন অফিসের ডাং মোঃ মাসুদ রানা এবং পরিসংখ্যানবিদ মোঃ শামসুল ফালাক স্বাক্ষরিত এই তথ্যে স্পষ্ট যে, ডেঙ্গুর বিস্তার রোধে বসতবাড়ি ও আশপাশের আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি অনতিবিলম্বে মশক নিধন অভিযান জোরদার করা অত্যন্ত জরুরি। ফাইল ছবি সংগৃহীত।


