স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর জেলায় ডেঙ্গু পরিস্থিতির নতুন তথ্য প্রকাশ করেছে জেলা সিভিল সার্জন কার্যালয়। প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় মোট ৪ জন নতুন ডেঙ্গু রোগী বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ আগস্ট পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫২৬ জনে।
বিজ্ঞাপন
সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন এবং যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ৩ জন রোগী ভর্তি হয়েছেন। তবে বেসরকারি কোনো হাসপাতালে নতুন করে ডেঙ্গু রোগী ভর্তির তথ্য পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
স্বাস্থ্য বিভাগের হালনাগাদ তথ্যমতে, জেলায় বর্তমানে সরকারি হাসপাতালগুলোতে মোট ৩৫ জন ডেঙ্গু রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ১৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এছাড়া যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ৯ জন, শার্শায় ৩ জন, কেশবপুরে ২ জন এবং ঝিকরগাছা ও মনিরামপুরে ১ জন করে ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। চৌগাছা ও বাঘারপাড়া হাসপাতালে এই মুহূর্তে কোনো ডেঙ্গু রোগী ভর্তি নেই।
প্রতিবেদন অনুযায়ী, এ পর্যন্ত মোট ৫২৬ জন আক্রান্তের মধ্যে ৪৮৯ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। এ ছাড়া উন্নত চিকিৎসার জন্য যশোর থেকে অন্য জায়গায় রেফার্ড করা হয়েছে ২ জন রোগীকে। স্বস্তির বিষয় হলো, এ সময়ের মধ্যে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
যশোরের সিভিল সার্জন ডাঃ মোঃ মাসুদ রানা জানান, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আক্রান্তদের সুচিকিৎসা নিশ্চিত করতে জেলা স্বাস্থ্য বিভাগ তৎপর রয়েছে। একই সাথে মশার কামড় থেকে বাঁচতে ও মশাবাহিত এ রোগ প্রতিরোধে বাসাবাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। ছবি সংগৃহীত।


