স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের মণিরামপুর উপজেলায় বাওড়ের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক প্রয়াণ ঘটেছে। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার পারখাজুরা বাওড়ে শাপলা ফুল তুলতে গিয়ে অসাবধানতাবশত এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
বিজ্ঞাপন
নিহত দুই শিশু হলো মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের অলিয়ার রহমানের ৬ বছর বয়সী কন্যা ইয়াসমিন এবং মফিজুর রহমানের ১০ বছর বয়সী পুত্র জিসান। নিহতরা সম্পর্কে একে অপরের চাচাতো ভাই-বোন।
বিজ্ঞাপন
স্থানীয় বাসিন্দা ও শিক্ষক আহাদ আলী এবং শোহান খান জানান, শনিবার দুপুরের দিকে একই গ্রামের ইয়াসমিন, জিসান, শিলা ও মরিয়াম নামের চার শিশু আনন্দের সাথে একসঙ্গে পারখাজুরা বাওড়ে শাপলা ফুল তুলতে যায়। শাপলা তোলার একপর্যায়ে অসাবধানতাবশত ইয়াসমিন ও জিসান বাওড়ের গভীর পানিতে তলিয়ে যায়। সঙ্গীরা বিষয়টি টের পেয়ে কান্নাকাটি শুরু করলে এবং পরিবারের লোকজন জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মোয়াজ্জেম হোসেন পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার খবর পেয়ে কেশবপুর থানা পুলিশের একটি টিম হাসপাতালে উপস্থিত হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন জানান, নিহত দুই শিশুর মরদেহ কোনো অভিযোগ না থাকায় স্বজন ও পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। একই পরিবারের দুটি শিশুর এমন করুণ পরিণতিতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। ছবি সংগৃহীত।

