স্ফুলিঙ্গ রিপোর্ট :
বিশেষ ট্রাভেল পারমিট ও এক্সিট পারমিটের মাধ্যমে ভারতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দীর্ঘ প্রতীক্ষার পর দেশে ফিরেছেন ১০ জন বাংলাদেশি নাগরিক।
আজ শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) সন্ধ্যা ৭টার দিকে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার হরিদাসপুর ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে তাঁদের বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়। পরবর্তীতে ভারতের অভিবাসন কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তাঁদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
ভারতের ব্যুরো অব ইমিগ্রেশন (হরিদাসপুর) কতৃপক্ষের দেওয়া তথ্য বিবরণী থেকে জানা গেছে, নয়াদিল্লিস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন থেকে গত ১৭ আগস্ট ইস্যু করা ট্রাভেল পারমিট এবং মুম্বাইয়ের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও) থেকে গত ২৭ অক্টোবর প্রাপ্ত এক্সিট পারমিটের ভিত্তিতেই তাঁদের এই প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন হয়। হস্তান্তরের সময় দুই দেশের সীমান্ত ও অভিবাসন কর্তৃপক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
স্বদেশে ফেরত আসা ১০ বাংলাদেশি হলেন—নড়াইল সদর উপজেলার মির্জাপুর গ্রামের সাবিনা বেগম, কালিয়া উপজেলার নূর বানু, যশোরের অভয়নগর উপজেলার রানাগাতি গ্রামের টুম্পা বেগম, একই উপজেলার ভূগলহাট গ্রামের জান্নাতি, চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার হালিমা, ফরিদপুরের সাঁথিয়া এলাকার তন্নী আক্তার, কুমিল্লার হোমনা উপজেলার আফরিন আক্তার, নরসিংদী সদর উপজেলার সামিয়া আক্তার শান্তা, খুলনার তেরখাদা উপজেলার শিরিনা খাতুন এবং নড়াইলের লোহাগড়া উপজেলার সুমি খাতুন।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশ জানিয়েছে, ভারত থেকে হস্তান্তরিত ব্যক্তিদের আইনি ও ইমিগ্রেশনসংক্রান্ত প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে স্ব-স্ব পরিবারের কাছে হস্তান্তরের আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। ছবি সংগৃহীত।

