স্ফুলিঙ্গ রিপোর্ট :
জনপ্রিয় স্কুটার ভেসপার সামনের অংশে বাধ্যতামূলকভাবে নাম্বারপ্লেট সংযোজন সংক্রান্ত সরকারি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অবিলম্বে পুনর্বিবেচনা করার দাবিতে যশোরে এক প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ভেসপার বডি ও বাহ্যিক সৌন্দর্য রক্ষা এবং বিকল্প হিসেবে স্টিকার প্লেটের ব্যবস্থা করাসহ মোট তিন দফা দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়।
শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) বিকেলে ঐতিহ্যবাহী প্রেসক্লাব যশোরের প্রধান ফটকের সামনে ‘যশোর ভেসপা কমিউনিটি’র ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা অসংখ্য ভেসপা চালক, মালিক ও সংগঠনের কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
মানববন্ধনে সংগঠনের সভাপতি আল হেলাল প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন। এ সময় আরও বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি শহীদ হাওলাদার, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ-সাধারণ সম্পাদক তারিক এনাম ও নাফিউল ইসলাম। এছাড়া কর্মসূচিতে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন শাহরিয়ার কবির, মাহবুবুর রহমান, রেজাউল ইসলাম, জগলু হায়দার, মোহাম্মদ জাফর হোসেন, সজীব হোসেন, সোহান বিশ্বাস, নাঈম হোসেন বিপু, নাজির আলি দিপু, সাকিল জাকারিয়াসহ ভেসপা প্রেমী নানা বয়সের মানুষ।
বিজ্ঞাপন
মানববন্ধনে সংগঠনের সভাপতি আল হেলাল তাঁর বক্তব্যে মূলত তিন দফা দাবি তুলে ধরে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, “বিশ্বের অন্যতম জনপ্রিয় এই স্কুটার বা ভেসপা তৈরির সময় সামনের অংশে কোনো ধরনের নাম্বারপ্লেট লাগানোর জন্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান থেকে কোনো নির্দিষ্ট খাঁজ বা ব্যবস্থা রাখা হয়নি। বর্তমানে বিআরটিএর পক্ষ থেকে যে নির্ধারিত মাপের বড় সাইজের নাম্বারপ্লেট সরবরাহ করা হয়, তা ভেসপার সামনের ডিজাইনে ফিট করার মতো ন্যূনতম উপযুক্ত জায়গা নেই।”
তিনি আরও যুক্তি তুলে ধরে বলেন, জোর করে সামনের অংশে এই বড় আকারের নাম্বারপ্লেট লাগাতে গেলে একদিকে যেমন স্কুটারটির মূল ঐতিহ্য ও ক্লাসিক সৌন্দর্য নষ্ট হবে, অন্যদিকে এর বডিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বা ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে। তাই এই অবাস্তব সিদ্ধান্ত থেকে সরে এসে বিকল্প ব্যবস্থা হিসেবে বিআরটিএ অনুমোদিত ও নির্ধারিত মাপের দৃশ্যমান ‘নাম্বার স্টিকার’ সামনের অংশে ব্যবহারের অনুমতি দেওয়ার জোরালো দাবি জানান তিনি। অন্যথায় ভেসপা মালিক ও চালকদের স্বার্থ রক্ষায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন নেতারা। ছবি সংগৃহীত।
