স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের মণিরামপুরে বাড়ির সামনে পাকা সড়কে ভ্যান রাখা নিয়ে তুচ্ছ বিরোধের জেরে জিসান আহমেদ (১৭) নামের এক কিশোর ভ্যানচালককে ধারালো ছুরি দিয়ে আঘাত করে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে দুই প্রতিবেশীর বিরুদ্ধে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের চালুয়াহাটি গ্রামে এ জঘন্য হামলার ঘটনাটি ঘটে। আহত জিসান আহমেদ একই গ্রামের বাসিন্দা মামুন হোসেনের ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক।
পুলিশ ও স্থানীয় প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, চালুয়াহাটি গ্রামে জিসানের নিজ বাড়ির সামনের পাকা সড়কে ভ্যান গাড়ি রাখা কেন্দ্র করে প্রতিবেশী ইউনুস আলী (৪৫) ও শওকত আলীর (৪৫) সাথে তাঁর কথা-কাটাকাটি শুরু হয়। বাগবিতণ্ডার একপর্যায়ে অভিযুক্ত ইউনুস ও শওকত ক্ষিপ্ত হয়ে জিসানকে এলোপাতাড়ি মারধর শুরু করেন। পরবর্তীতে তাঁরা কাছে থাকা ধারালো ছুরি দিয়ে জিসানের শরীরের ডান পাশে সজোরে আঘাত করেন।
বিজ্ঞাপন
ছুরিবিদ্ধ অবস্থায় জিসানের আর্তচিৎকার শুনে আশপাশের স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে দ্রুত ছুটে এসে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। পরবর্তীতে তাঁকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে চিকিৎসক তাঁকে বাড়ি নেওয়ার অনুমতি দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মণিরামপুর থানা পুলিশ জানিয়েছে, এ বিষয়ে প্রয়োজনীয় তদন্ত পরিচালনা করা হচ্ছে এবং থানায় নিয়মিত আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। ছবি সংগৃহীত।

