স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের ঝিকরগাছা পুরাতন রেলস্টেশন সংলগ্ন বাংলাদেশ রেলওয়ের লিজপ্রাপ্ত প্রায় ১২ শতক জমি বেআইনিভাবে দখলের অভিযোগ উঠেছে ঝিকরগাছা পৌর বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তারিক মোহাম্মদের বিরুদ্ধে। সরকারি জমিতে অবৈধভাবে বেড়া দেওয়ার এ ঘটনায় সংশ্লিষ্ট দখলদারের বিরুদ্ধে রেলওয়ে থানায় মামলা দায়ের করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
রেলওয়ে অফিস সূত্রের খবর, ২০২৪ সাল থেকে বাংলাদেশ রেলওয়ের সীমানাঞ্চল স্টেট বিভাগ ঝিকরগাছা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইলিয়াস উদ্দীন, তাঁর স্ত্রী সেলিনা সুলতানা এবং স্থানীয় হুমায়ূন কবিরের নামে ওই ১২ শতক জমি যথাযথ প্রক্রিয়ায় লিজ বরাদ্দ প্রদান করে। হালনাগাদ তথ্যানুযায়ী, জমিটি বর্তমানে তাঁদের নামেই বৈধভাবে বরাদ্দ রয়েছে।
বিজ্ঞাপন
আজ রোববার (৯ আগস্ট ২০২৬) সকালে সরেজমিনে পরিদর্শনে দেখা যায়, রেলওয়ে কর্তৃপক্ষ কিংবা প্রকৃত লিজ গ্রহীতাদের কোনো রকম তোয়াক্কা না করে জমিটি বাঁশের চাটাই ও বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে এবং সীমানার ভেতরে কয়েকটি গাছের চারা রোপণ করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের সুস্পষ্ট অভিযোগ, ওই বিএনপি নেতা তারিক মোহাম্মদই গায়ের জোরে এই বেড়া নির্মাণ করেছেন।
অভিযোগের বিষয়ে বিএনপি নেতা তারিক মোহাম্মদ দাবি করেন, জমিটি অধ্যাপক ইলিয়াস উদ্দীনসহ অন্যদের নামে সরকার থেকে লিজ নেওয়া—এ তথ্য তাঁর জানা ছিল না। তবে লিজ গ্রহীতাদের প্রয়োজন হলে তাঁরা সেই বেড়া ভেঙে তাঁদের কাজ পরিচালনা করতে পারবেন বলে তিনি জানান।
বিষয়টি নিশ্চিত করে ঝিকরগাছা রেলস্টেশনের স্টেশন ম্যানেজার নিগার সুলতানা জানান, গত ৫ আগস্ট কর্তৃপক্ষের কোনো অনুমতি ব্যতিরেকেই তারিকুর রহমান নামের ওই ব্যক্তি সেখানে বাঁশের বেড়া দেন। বিষয়টি জানার পরপরই উর্ধ্বতন কর্মকর্তাদের লিখিতভাবে জানানো হয়।
বাংলাদেশ রেলওয়ে যশোর অঞ্চলের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী সিরাজুল ইসলাম জানান, সরকারি ও লিজপ্রাপ্ত সম্পত্তি অবৈধ দখলের অপরাধে অভিযুক্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট রেলওয়ে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
এ বিষয়ে রেলওয়ে থানার খুলনা অঞ্চলের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম জানান, রেল কর্তৃপক্ষের অভিযোগটি গুরুত্বের সাথে গ্রহণ করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত পরিচালনা করে দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। ছবি সংগৃহীত।

