স্ফুলিঙ্গ রিপোর্ট
তারিখ: ২৬ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে যশোরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা।
সমাবেশে সভাপতিত্ব করেন যশোর জেলা জামায়াতের আমির ও যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল। বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা আজিজুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক শামসুজ্জামান, অধ্যাপক মনিরুল ইসলাম, শাহাবুদ্দীন বিশ্বাস, মাওলানা ইসমাইল হোসেন, জয়নাল আবেদিন ও পেশাজীবী থানার সভাপতি আবু ফয়সলসহ অন্য নেতারা।
বিজ্ঞাপন
সভাপতির বক্তব্যে অধ্যাপক গোলাম রসুল এমপি বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। কিন্তু বিভিন্ন স্থানে সহিংসতা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা দিতে না পারলে সরকারের দায়িত্ব পালনের সার্থকতা কোথায় বলে প্রশ্ন তোলেন তিনি।
অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না উল্লেখ করে গোলাম রসুল বলেন, যে দলেরই হোক, অপরাধীদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনতে হবে। রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে; তবে তা নিয়ে সহিংসতা, ভাঙচুর ও নৈরাজ্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর ভূমিকা নেওয়ার পাশাপাশি অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস বলেন, জামায়াতে ইসলামী ন্যায়বিচার, আইনের শাসন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলের জুলুম-নির্যাতন, গুম-খুন ও রাজনৈতিক নিপীড়নের বিচার যেমন নিশ্চিত করতে হবে, তেমনি বর্তমান সময়ে সংঘটিত সন্ত্রাস, অগ্নিসংযোগ ও লুটপাটে জড়িতদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে হবে। জনগণের রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে অর্জিত পরিবর্তনকে ব্যর্থ হতে দেওয়া যাবে না এবং দেশকে অস্থিতিশীল করার যেকোনো চেষ্টা প্রতিহত করতে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেন তিনি।
সমাবেশে অন্য বক্তারা বলেন, সাধারণ মানুষ শান্তি ও নিরাপত্তা চায়। রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার কারণে মানুষের জীবনযাত্রা ও জীবিকা যেন বাধাগ্রস্ত না হয়, তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। দেশের বিভিন্ন এলাকার সহিংস ঘটনার সুষ্ঠু তদন্ত, অপরাধীদের শনাক্ত করে আইনের হাতে সোপর্দ করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার দাবি জানান বক্তারা।
বিক্ষোভ সমাবেশ শেষে নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে নানা স্লোগান দেন নেতাকর্মীরা এবং দেশে শান্তি-শৃঙ্খলা ফেরানোর দাবি জানান। ছবি সংগৃহীত।
