স্ফুলিঙ্গ ডেক্স :
শেরপুর জেলা পাসপোর্ট কার্যালয়ের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
গতকাল মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে শেরপুর জেলা শহরের নবীনগর এলাকায় অবস্থিত পাসপোর্ট অফিস ভবনের তৃতীয় তলায় কর্মকর্তার নির্ধারিত আবাসিক ফ্ল্যাট থেকে তাঁদের হেফাজতে নেওয়া হয়। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে পাসপোর্ট অফিসের ভেতরে সহকারী পরিচালকের বাসভবনের অংশে এক বহিরাগত নারীকে প্রবেশ করতে দেখেন স্থানীয়রা। বিষয়টি নিয়ে সন্দেহ সৃষ্টি হলে স্থানীয়দের মধ্যে হট্টগোল শুরু হয় এবং পুলিশকে খবর দেওয়া হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এডি রুস্তম আলী ও ওই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। ঘটনাস্থলে একটি টেবিলের ওপর খালি মদের বোতল উদ্ধার হওয়ায় সেখানে মদ্যপানের অভিযোগও তুলেছেন প্রত্যক্ষদর্শীরা।
জিজ্ঞাসাবাদে আটক তরুণী নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে দাবি করেন, রুস্তম আলী তাঁর দূরসম্পর্কের দুলাভাই এবং তিনি সেখানে কেবল বেড়াতে এসেছিলেন। তবে গভীর রাতে সরকারি রেস্টহাউসের একই কক্ষে অবস্থান করার কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা তিনি দিতে পারেননি।
অন্যদিকে, সহকারী পরিচালক রুস্তম আলী চক্রান্তের অভিযোগ এনে দাবি করেন, রাত সাড়ে ১০টায় শ্যালিকাকে ভেতরে নিয়ে আসার সময় স্থানীয় কয়েকজন তা দেখে ফেলে। পরবর্তীতে বেশ কয়েকজন লোক জোরপূর্বক ভবনে প্রবেশ করে নারীটিকে আপত্তিকর হিসেবে আখ্যা দিয়ে তাঁর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে।
শেরপুর সদর থানার ওসি মো. সোহেল রানা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আটক নারীর নাম ওজিলা এবং তাঁর বাড়ি কুষ্টিয়ার মিরপুর এলাকায়। সরকারি পাসপোর্ট কার্যালয়ের মতো সংবেদনশীল আবাসিক ভবনে গভীর রাতে তাঁদের অবস্থান ঘিরে স্থানীয়দের অসন্তোষ সৃষ্টি হওয়ায় সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে গভীর রাতে তাঁদের থানা হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ছবি সংগৃহীত।

