রফিক মন্ডল, কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইন, ধর্ষণ মামলা এবং দেড় বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ চারজনকে গ্রেফতার করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ।
আজ বুধবার (৭ অক্টোবর ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে চালানো বিশেষ অভিযানে তাঁদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃত আসামিদের মধ্যে রয়েছেন কোটচাঁদপুর পৌর আওয়ামী লীগের সদস্য মোঃ শেখ ইসমাইল (৫০), কুশনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সাব্দার মাল (৫৫), ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামি ইউসুফ আলী (২৭) এবং বিজ্ঞ আদালতের আদেশপ্রাপ্ত দেড় বছরের সাজাপ্রাপ্ত সিআর ওয়ারেন্টভুক্ত আসামি উজ্জ্বল কুমার পাল।
বিজ্ঞাপন
আটক আসামিদের বিস্তারিত পরিচয় অনুযায়ী—পৌরসভার পশু হাসপাতালপাড়ার মৃত আইয়ুব আলীর ছেলে শেখ ইসমাইল এবং কামারকুন্ডু পূর্বপাড়ার মংলা মালের ছেলে সাব্দার মাল কোটচাঁদপুর থানায় গত ২১ সেপ্টেম্বর দায়েরকৃত সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০২৬)-এর মামলায় এজাহারনামীয় আসামি।
অপরদিকে, নারী ও শিশু নির্যাতন দমন আইনে গত ১৬ সেপ্টেম্বর কোটচাঁদপুর থানায় দায়েরকৃত একটি ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামি তালসার গ্রামের খলিলুর রহমানের ছেলে ইউসুফ আলীকে নিজ এলাকা থেকে আটক করা হয়।
এছাড়া, ফাজিলপুর গ্রামের মৃত সুবল কুমার পালের ছেলে উজ্জ্বল কুমার পালকে একটি সিআর মামলায় (মামলা নং ৭৫৯/২৪) ১ বছর ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত পলাতক আসামি হিসেবে নিজ বাসা থেকে গ্রেফতার করে পুলিশ।
অভিযানের সত্যতা নিশ্চিত করে কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, গ্রেফতারকৃত চার আসামিকে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অপরাধমূলক কাজ দমনে পুলিশের এমন বিশেষ ও সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।

