কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুরে দায়েরকৃত সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় স্থানীয় আওয়ামী লীগের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার (২১ অক্টোবর ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুর মডেল থানা পুলিশের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কালু খাঁ (৫০) এবং কুশনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সক্রিয় সদস্য জামির হোসেন (৪৯)। গ্রেপ্তারকৃত কালু খাঁ এলাঙ্গী গ্রামের মৃত মহাসিন খাঁর ছেলে এবং জামির হোসেন মামুনশিয়া পশ্চিমপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে।
বিজ্ঞাপন
কোটচাঁদপুর মডেল থানা সূত্রে জানা গেছে, গত ২১ সেপ্টেম্বর কোটচাঁদপুর থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় একটি মামলা দায়ের করা হয় (মামলা নম্বর ১৬, জিআর নম্বর ১১৮/২৬)। উক্ত মামলার বিষদ তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এবং এজাহারভুক্ত ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ততা পাওয়ায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় সব ধরনের আইনি ও দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন করে আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সন্ত্রাসবাদ নির্মূলে থানা পুলিশের সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।ছবি সংগৃহীত।
