হাফিজুর রহমান, কেশবপুর (যশোর),
যশোরের কেশবপুর উপজেলার সদর ইউনিয়নের দোরমুটিয়া গ্রামে সরকারি ম্যাপ অনুযায়ী নির্ধারিত ১২০২ নম্বর দাগের রাস্তাটি জবরদখলমুক্ত করে জনসাধারণের চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত করার দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগী কৃষকরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, দোরমুটিয়া মাঠের প্রায় ৪০০ থেকে ৫০০ বিঘা জমির উৎপাদিত নানা ধরনের ফসল কৃষকদের ঘরে বা বাড়িতে নিয়ে আসার একমাত্র যাতায়াত মাধ্যম হলো এই সরকারি রাস্তাটি। কিন্তু সম্প্রতি ওই এলাকার দুঃখু মিয়া নামের এক ব্যক্তি ১২০২ দাগের সংলগ্ন জমি ক্রয় করেন। তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে যে, তিনি নিজের ক্রয়কৃত জমির সীমানা ছাড়িয়ে জোরপূর্বক ১২০২ দাগের সরকারি রাস্তার জমিও জবরদখল করে নিয়েছেন। এর ফলে গুরুত্বপূর্ণ এই রাস্তাটি মারাত্মকভাবে সংকুচিত হয়ে পড়েছে। রাস্তাটি সংকীর্ণ হয়ে যাওয়ায় কৃষকরা তাঁদের উৎপাদিত সোনালী ফসল সঠিক সময়ে ঘরে তুলতে গিয়ে চরম ভোগান্তি ও দুর্ভোগের শিকার হচ্ছেন।
কৃষকদের দৈনন্দিন এই জনদুর্ভোগ স্থায়ীভাবে লাঘব করতে এবং বাধাহীন যাতায়াত নিশ্চিত করতে অবিলম্বে ১২০২ দাগের সরকারি রাস্তাটি সরেজমিন পরিমাপ করে অবৈধ দখল উচ্ছেদপূর্বক সম্পূর্ণ উন্মুক্ত করার জন্য যশোর জেলা প্রশাসক ও কেশবপুর উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। ছবি সংগৃহীত।
বিজ্ঞাপন
