স্ফুলিঙ্গ ডেক্স :
খুলনা মহানগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনাল এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে ৭৫০ গ্রাম গাঁজাসহ মোঃ জালাল মোল্লা (৫৪) নামে এক সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি ও মাদক কারবারিকে গ্রেফতার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ।
বিজ্ঞাপন
২৪ আগস্ট ২০২৬ সোমবার রাতে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের একটি টিম এই সফল অভিযান পরিচালনা করে। সোনাডাঙ্গা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার বটতলা সবুজের চায়ের দোকানের পশ্চিমে ড্রেনের পাশ থেকে তাকে হাতেনাতে আটক করা হয়।
বিজ্ঞাপন
গ্রেফতারকৃত আসামি মোঃ জালাল মোল্লা বাগেরহাট সদরের শিবপুর এলাকার মৃত আফতার মোল্লার ছেলে। তিনি বর্তমানে সোনাডাঙ্গা বাস টার্মিনাল সংলগ্ন আদর্শ পল্লী এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। আটকের সময় তাঁর কাছে থাকা একটি শপিং ব্যাগে আকাশী রঙের পলিথিনে টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৭৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত জালাল মোল্লা জিআর ২৪২/২০২০ মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক ৮ (আট) মাসের সশ্রম কারাদণ্ড এবং ৫,০০০ টাকা অর্থদণ্ড (অনাদায়ে আরও ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড) প্রাপ্ত একজন সাজাপ্রাপ্ত পলাতক আসামি। এছাড়া তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদকসহ বিভিন্ন অপরাধের মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা রুজু করা হয়েছে এবং তাঁকে আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে। ছবি সংগৃহীত।


