রফিক মন্ডল, ঝিনাইদহ :
ঝিনাইদহে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রচার ও তথ্যপ্রযুক্তি চালিকাশক্তিকে আরও বেগবান করার লক্ষ্যে মিডিয়া ও আইটি বিভাগের কর্মী সমাবেশ-২০২৬ সম্পন্ন হয়েছে।
আজ শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) জেলা জামায়াতের মিডিয়া ও আইটি বিভাগের সার্বিক ব্যবস্থাপনায় দিনব্যাপী এই সুসংগঠিত কর্মী সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ জেলা আমীর ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মো. আবুবকর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সহকারী সেক্রেটারি এবং মিডিয়া ও আইটি বিভাগের জেলা তত্ত্বাবধায়ক অধ্যক্ষ মো. আব্দুল হাই।
বিজ্ঞাপন
সম্মেলনে মূলত সাংগঠনিক কার্যক্রমে আধুিনক প্রযুক্তির উৎকর্ষ সাধন, গণমাধ্যমে তথ্য প্রচার এবং অনলাইন প্ল্যাটফর্মে ডিজিটাল যোগাযোগ আরও সুসংহত ও কার্যকর করার বিষয়ে বিষদ আলোচনা করা হয়। সেই সাথে গণমাধ্যম ও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে যেন কোনো রকম বিভ্রান্তি না ছড়িয়ে অত্যন্ত বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীলভাবে সত্য তথ্য উপস্থাপিত হয়, সে বিষয়ে উপস্থিত কর্মী-সহযোগীদের কড়া দিকনির্দেশনা দেওয়া হয়।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, বর্তমান ডিজিটাল যুগে প্রযুক্তি ও গণমাধ্যমই সাধারণ মানুষের কাছে পৌঁছানোর সবচেয়ে মূল হাতিয়ার। তাই এই বিভাগের কর্মীদের কাজের মান ও দক্ষতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ে তথ্যপ্রযুক্তিনির্ভর আধুনিক কার্যক্রমকে নতুন গতি দিতেই এ বিশেষ কর্মী সমাবেশের আয়োজন।
সমাবেশে জেলা জামায়াতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ জেলা ও উপজেলা পর্যায়ের মিডিয়া ও আইটি বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মীগণ সক্রিয়ভাবে অংশ নেন। ছবি সংগৃহীত।
