স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের শার্শা ও মনিরামপুর উপজেলায় পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশু শিক্ষার্থী এবং পারিবারিক কলহের জেরে বিষপানে এক কিশোরের করুণ মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) সকাল ১১টার দিকে শার্শা উপজেলার চটকাপোতা গ্রামে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনাটি ঘটে। নিহত শিশু মুস্তাকিন হোসেন (৬) ওই গ্রামের মাহামুদুল হাসান বাবুর ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালের দিকে শিশু মুস্তাকিন স্কুল থেকে বাসায় ফিরে হাত-মুখ ধোয়ার উদ্দেশ্যে পানি বের করতে মোটরের সুইচ অন করতে যায়। এ সময় অসাবধানতাবশত সে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়। স্বজনেরা দ্রুত তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শার্শা থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা রুজু করা হয়েছে।
বিজ্ঞাপন
অপরদিকে, যশোরের মনিরামপুরে পারিবারিক মনোমালিন্য ও কলহের জেরে গ্যাস ট্যাবলেট (বিষ) সেবন করে ফাহিম (১৬) নামে এক কিশোর আত্মহত্যা করেছে। গতকাল সোমবার (৫ অক্টোবর ২০২৬) সকাল ১০টার দিকে উপজেলার খেদাপাড়া ইউনিয়নের দিঘিরপাড় এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ফাহিম ওই এলাকার মৃত জাকারিয়ার ছেলে।
স্বজনেরা জানান, ঘটনার দিন সকালে নিজ ঘরে রাখা বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে অসুস্থ হয়ে পড়ে ফাহিম। টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে প্রথমে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
পরবর্তীতে হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন বিকেল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি নিয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ফাইল ছবি সংগৃহীত।

